রামুর পার্শ্ববর্তী পার্বত্য নাইক্ষ্যংছড়িতে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নাইক্ষংছড়ি সদরের আদর্শ গ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাইফুল মালয়েশিয়া প্রবাসী আবদুল কাদেরের ছেলে।
এই ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। তবে উদ্ধারকৃত লাশের শরীরে, পিঠে ও ডান হাতে সামান্য ক্ষতচিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি মেম্বার আরেফ উল্লাহ ছুট্টু জানান, সাইফুল পেশায় রং মিস্ত্রী ছিল। জনৈক জয়নালের বাসায় ভাড়ায় থাকতো সে।
শনিবার সকালে বাড়ির পাশে সাইফুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ হাটহাজারীতে সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দিলো জনতা
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু