চলতি বছরের প্রথম চতুর্ভাগে এইচপি ও লেনোভোর ২০ ভাগ নোটবুক বিক্রি কমার আশংকা
প্রকাশ : ০৬ মার্চ ২০১৩, ২১:০৯
প্রযুক্তি বিশ্বে পরিবর্তন আসছে নানা দিক থেকেই। প্রযুক্তি পণ্যেও এখন এসেছে ব্যাপক বৈচিত্র্য। আর তাতে করে ডেস্কটপ পিসি বা নোটবুকের মতো ডিভাইসগুলোর চাহিদা অনেকটাই কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সূত্র ধরেই চলতি বছরের প্রথম চতুর্ভাগের হিসেবে বিশ্বের দুই পিসি জায়ান্ট এইচপি এবং লেনোভো আশংকা করছে নিজেদের নোটবুকের বিক্রি কমে যাওয়ার। আর এই কমে যাওয়ার পরিমাণটাও নেহায়েত কম নয়। তাদের আশংকা অনুযায়ী, নোটবুকের বিক্রি প্রায় ২০ ভাগ কমে যাবে এই জানুয়ারি-মার্চ চতুর্ভাগে। প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ডিজিটাইমস-এ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর সাথে সাথে তাইওয়াননির্ভর নির্মাতাদের নোটবুক বিক্রির পরিমাণও কমে যাবে বলে জানিয়েছে তারা। তাইওয়াননির্ভর ওডিএম (অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারারস)গুলোই বিশ্বের প্রায় ৯০ ভাগ নোটবুকের বাজার দখল করে রেখেছে। চলতি বছরের প্রথম চতুর্ভাগে তাদের নোটবুকের বিক্রির পরিমাণ ধারণা করা হচ্ছে ৩৮.৭৪ মিলিয়ন। যা এর আগের চতুর্ভাগের তুলনায় ১১.৩ শতাংশ এবং গত বছরের একই চতুর্ভাগের তুলনায় ৮.৭ শতাংশ কম। এই সময়ে যে পরিমাণ নোটবুক বিক্রি হবে, তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হবে মাঝারি আকারের (১৫ ইঞ্চি) নোটবুকগুলো। এর পরিমাণ মোট নোটবুকের বাজারের প্রায় ৩৯.৯ শতাংশ। আর ১৬ ইঞ্চি বা তার চেয়ে বড় আকারের যেসব নোটবুক বিক্রি হবে, তার পরিমাণ হবে অত্যন্ত কম—মাত্র ৫.৫ শতাংশ। এ কারণেই হয়ত অ্যাপল তাদের ১৭ ইঞ্চি আকারের ম্যাকবুক প্রো উত্পাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে। তবে বড় আকারের নোটবুকের চাহিদা খুব কম হলেও একটু ছোট আকারের (১৪ ইঞ্চি) নোটবুক কিন্তু চাহিদার দিক থেকে পিছিয়ে নেই। ডিজিটাইমস জানাচ্ছে, নোটবুকের বাজারের প্রায় ৩৪.৬ শতাংশই দখল করে রাখবে ১৪ ইঞ্চি আকারের নোটবুক। ডিজিটাইমস জানাচ্ছে, প্রথম চতুর্ভাগটি এইচপিকে আবারও শীর্ষস্থান ফিরিয়ে দিতে সক্ষম হতে পারে। এ সময়ে এইচপি’র দখলে থাকবে বাজারের ১৭.৮ শতাংশ আর একই সময়ে লেনোভোর দখলে থাকবে বাজারের ১৫.৪ শতাংশ।