কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বিজিবি জওয়ানদের সাথে 'বন্দুকযুদ্ধে' এক মাদক কারবারী নিহত হয়েছেন। এ সময় শুটারগান,তাজা কার্তুজ, ইয়াবা ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
নিহত মো. আব্দুল্লাহ (২৪) পৌরসভাস্থ পুরান পল্লান পাড়ার আব্দুর রশিদের পুত্র। রবিবার ভোরে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সুনামগঞ্জে হাওরে পানি ঢুকছে
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রবিবার ভোর পৌনে ৫টার দিকে খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা সদর ইউনিয়নের খোনকার পাড়া সংলগ্ন ২কিঃ মিঃ উত্তরে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় স্থাপিত বিশেষ চেকপোস্টে তল্লাশীকালে দক্ষিণ দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহীকে থামানোর সংকেত দেয়। চেকপোস্টের কাছে আসা মাত্র মোটর আরোহীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবির দুই জওয়ান সামান্য আহত হয়।
তিনি আরও জানান, বিজিবি জওয়ানেরা আত্মরক্ষার্থে কৌশলী অবস্থান নিয়ে পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে ৬/৭ মিনিট গুলিবিনিময়ের পর মাদক কারবারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগান, ১টি তাজা কার্তুজ, ১ কাটন ইয়াবা ও ১টি নাম্বারবিহীন মোটর সাইকেলসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সাব্বির ও শরীফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার করা অস্ত্র, কার্তুজ, মাদক ও মোটর সাইকেল জব্দ করেন। এরপর পুলিশের সহায়তায় উদ্ধারকৃত ব্যক্তিকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে তার পরিচয় সনাক্ত করা হয়।
ইত্তেফাক/এমআরএম