এ বছরেই ওয়্যারলেস চার্জিং সুবিধা আসছে স্মার্টফোনে

ওয়্যারলেস চার্জিং নিয়ে কাজ করে যাচ্ছেন প্রযুক্তিবিদরা অনেকদিন থেকেই। গত বছরে এসে ওয়্যারলেস চার্জিংকে বাস্তবে রূপ দেওয়ার বিষয়টি অনেকটাই পরিস্কার হয়ে যায়। বেশ কয়েকটি প্রোটোটাইপও তৈরি করেন বিজ্ঞানী-গবেষকরা। তবে তাইওয়ানের প্রযুক্তি বিষয়ক প্রকাশনা ডিজিটাইমস জানাচ্ছে, এই বছরেই স্মার্টফোনে যুক্ত হতে যাচ্ছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। বিশ্বের বৃহত্তম দুই স্মার্টফোন নির্মাতা অ্যাপল এবং স্যামসাং তাদের স্মার্টফোনে এই ফিচারটি চালু করতে যাচ্ছে। আশা করা হচ্ছে, স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৪-এই পাওয়া যাবে এই ফিচারটি। ডিজিটাইমস-এর এই প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম বর্তমানে যে ‘চি’ প্রযুক্তিতে ওয়্যারলেস চার্জিং ব্যবহার করে যাচ্ছে, তা ব্যবহার করবে স্যামসাং। এই ফিচারটি উপভোগ করার জন্য অবশ্য গ্যালাক্সি এস৪ ব্যবহারকারীদের কিনতে হবে নতুন কভার এবং সাথে কিছু প্রয়োজনীয় অ্যাকসেসরিজ। আর তাহলেই তারা কেবলের সাথে তাদের ফোনটিকে সংযুক্ত না করেই তারহীন চার্জিং সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই ব্যবহারকারীদের ফোনটিকে স্থাপন করতে হবে নির্দিষ্ট স্থানে। এই ঝামেলাটুকুও দূর করতে চায় অ্যাপল। কিছুদিন আগেই অ্যাপল ইনসাইডারে অ্যাপল’র এরকম একটি প্যাটেন্টের কথা প্রকাশিত হয়। সেই খবরের সূত্র থেকে জানা যায়, অ্যাপল এমন এক ধরনের তারহীন প্রযুক্তি নিয়ে গবেষণা করছে, যাতে স্মার্টফোনকে যেকোনো স্থানে রেখেই চার্জ করা যাবে। এক মিটার দূরত্বের মধ্যে কাজ করবে এই প্রযুক্তি। এই ক্ষেত্রে অবশ্য কেবল স্মার্টফোনই নয়, বরং ওয়্যারলেস চার্জিং পোর্টের এক মিটার দূরত্বের মধ্যে (ভার্চুয়াল চার্জিং এরিয়া) স্বল্প বিদ্যুত্ ব্যবহার করা যেকোনো ডিভাইসকেই চার্জ করা যাবে বা চালানো যাবে। যেমন, কিবোর্ড বা মাউসও এই পদ্ধতিতে চলবে সরাসরি কোনো পাওয়ার সাপ্লাই ছাড়াই। ডিজিটাইমস জানাচ্ছে, অ্যাপল’র জনপ্রিয় স্মার্টফোন আইফোনের পরবর্তী সংস্করণগুলোতে এই তারহীন চার্জিং ফিচারটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যাপল’র। যারা গ্যালাক্সি এস৪ কিংবা আইফোনের পরবর্তী সংস্করণের জন্য বসে থাকতে রাজি নন, তাদের জন্য অবশ্য ইতোমধ্যেই ‘পাওয়ারম্যা’ কিংবা ‘এনারজিজার চি’-এর পক্ষ থেকে রয়েছে নিজের স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং ফিচারটি যুক্ত করা সুবিধা।