মটোরোলার আরও সহস্রাধিক কর্মী ছাটাই করছে গুগল

মটোরোলা কিনে নেওয়ার পর থেকেই একেবারে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। আর এর ফলে সময়ের সাথে সাথে কর্মী ছাটাইও করতে হচ্ছে তাদের। ইতোমধ্যেই বেশ কয়েকবার কর্মী ছাটাই করেও ফেলেছে গুগল। এবারে আরও ১২শ কর্মী ছাটাই করছে গুগল মটোরোলা মোবিলিটি থেকে। মটোরোলা মোবিলিটির গোটা কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশই এতে করে কমে যাবে। গত বছরের আগস্ট মাসেও তারা ৪ হাজার কর্মী ছাটাই করে। ফিচার ফোনের দিক থেকে নজর ফিরিয়ে নিয়ে স্মার্টফোনে গুরুত্ব দিতে গিয়েই এত কর্মীকে নিজেদের জন্য বোঝা বলে মনে করছে গুগল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই কর্মী ছাটাইয়ের খবর প্রকাশ করা হয়েছে। খবরে প্রকাশ, মটোরোলার কর্মীদের এক ইমেইলের মাধ্যমে গুগল এই ছাটাইয়ের সিদ্ধান্ত জানিয়েছে। এই ইমেইলে গুগল জানিয়েছে, বাজারের সাথে পাল্লা দিয়ে তারা তাদের ব্যয় নির্বাহ করতে পারছে না এবং এতে করে তারা ক্ষতির মুখে পড়ছে। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে গুগল মোবাইল ডিভাইসে রাজত্ব করলেও হার্ডওয়্যারেও নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই মটোরোলার মোবিলিটি অংশ কিনে নেয়।