কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

মামলা দায়েরে সতর্ক হোন ---------------- দুদক চেয়ারম্যান

মামলা-মোকদ্দমা করার ক্ষেত্রে দুদক কর্মকর্তাদের আরো সতর্ক হতে বলেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, মামলা দায়েরের ক্ষেত্রে দালিলিক প্রমাণাদি এবং সাক্ষ্য-প্রমাণ এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে অপরাধীরা বুঝতে পারে তাদের অপরাধ প্রমাণিত। অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ কমিশন করবে না। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক থেকে পরিচালক পদ মর্যাদার কর্মকর্তাদের এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সততা ও নৈতিকতার মানদণ্ড হতে হবে অনুকরণীয় এবং দৃষ্টান্তমূলক। কারণ আপনারা এমন একটি প্রতিষ্ঠানে কাজ করেন, যেটি সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টিতে আইনি ম্যান্ডেটপ্রাপ্ত।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তাদের আচরণ, জ্ঞান, সক্ষমতা, বিবেচনাবোধ, নৈতিকতা, সমন্বয় সর্বোপরি মানুষের প্রতি অনুভূতি হতে হবে দৃষ্টান্তমূলক। এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা যখন ভালো কাজ করেন, আমার মনে হয় তখন আমার চেয়ে আর কেউ হয়তো বেশি খুশি হন না, আবার কেউ যখন অনৈতিক কাজ করেন তখন সবচেয়ে বেশি কষ্ট অনুভব করি আমি।

তিনি বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এই উদ্যোগের প্লাটফরম হিসেবে কাজ করছে দুদক। সমাজের প্রতিটি অংশকে এই প্লাটফরমে নিয়ে আসার দায়িত্বও কমিশনের। কমিশন ইতোধ্যেই দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ  সিভিল সোসাইটির একটি বিরাট অংশকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। দুর্নীতি প্রতিরোধ এমন একটি চলমান প্রক্রিয়া এর গতি যত ত্বরান্বিত হবে দুর্নীতি ততই কমে আসবে। এক্ষেত্রে জনআস্থার কোনো বিকল্প নেই। আর জনআস্থা বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের কর্মস্পৃহা, দক্ষতা, সততা, নিষ্ঠা ও একাগ্রতা অপরিহার্য।

এই প্রোগ্রামে পরিচালক, উপপরিচালক এবং সহকারী পরিচালক পদমর্যাদার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. মোঃ শামসুল আরেফিন।