বারডেম হাসপাতালে অস্বাভাবিক পার্কিং চার্জ

ঢাকা শহরে প্রায় দুই কোটি লোকের বাস। এ শহরে রয়েছে মিনি, মাইক্রো, প্রাইভেটকার, ট্যাক্সিক্যাব, সিএনজি অটো রিকশা, ট্রাক, মোটর সাইকেল, বাই সাইকেল ও রিকশাসহ বিভিন্ন যানবাহন। বিআরটিএ ও সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী ঢাকা শহরে বৈধ ও অবৈধ যানবাহনের সংখ্যা ৬ লাখের ওপরে। এসব যানবাহন সরকারি ও বেসরকারিভাবে পার্কিংয়ের জন্য যথেষ্ট ব্যবস্থা নেই। মতিঝিলসহ ঢাকা নগরীর বিভিন্ন এলাকায় অধিকাংশ রাস্তার ওপর পার্ক করা থাকে। ঢাকা শহরের বিভিন্ন আবাসিক ভবন ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে ভাড়ায় পার্কিংয়ের ব্যবস্থা। এ সুযোগে বারডেম হাসপাতাল যেন ভাড়ায় পার্কিংয়ের ব্যবস্থা রেখে ব্যবসা করছে। গত ৬ মার্চ সংবাদপত্রের এক কর্মী রোগী নিয়ে বারডেম হাসপাতালে পৌঁছে মোটর সাইকেল রাখতে গেলে তার কাছে ৩০ টাকা চাওয়া হয়। সে তার মোটর সাইকেলটি মাত্র দশ মিনিট রেখেছিল। এজন্য তাকে গুনতে হয়েছে ৩০ টাকা। হাসপাতাল হলো সেবামূলক প্রতিষ্ঠান। তাই পার্কিং ভাড়া বাহন অনুযায়ী হওয়া উচিত বলে মনে করি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. শাহনাওয়াজ হোসেন মঞ্জু , ঢাকা