প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করিয়াছে। যোগাযোগ, শিক্ষা, তথ্য ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইহার অবদান অনস্বীকার্য। তবে প্রযুক্তির এই অগ্রযাত্রার সহিত বাড়িয়াছে নানা ঝুঁকিও। বিশেষ করিয়া, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এখন বড় উদ্বেগের কারণ হইয়া উঠিয়াছে। এই উদ্বেগ কেবল অভিভাবকদের নহে। বিশ্বের বহু দেশ ও নীতিনির্ধারকেরাও বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করিতেছেন।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ১৩ বৎসরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ এবং শিশুদের জন্য নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট চালুর প্রস্তাব করিয়াছে। প্রস্তাবিত ‘ইইউ কিডস অ্যাক্ট'-এ বয়সভিত্তিক ব্যবহারের ব্যবস্থা, অভিভাবকের নিয়ন্ত্রণ এবং অনলাইন সেবাকে শিশুদের জন্য নিরাপদ করিবার বিষয়টি গুরুত্ব পাইয়াছে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নহে, ভিডিও প্ল্যাটফরম, অনলাইন গেম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত করিবার আহ্বান জানানো হইয়াছে। আসক্তি তৈরিকারী কিংবা ক্ষতিকর কনটেনটের বিস্তার নিয়ন্ত্রণও এই প্রস্তাবের অংশ। একইভাবে অস্ট্রেলিয়া, ব্রিটেন, চীন, ভারত, তুরস্ক ও ইউরোপের একাধিক দেশে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের বিভিন্ন ধরনের ব্যবস্থা লওয়া হইয়াছে। অর্থাৎ, সোশ্যাল প্ল্যাটফরম ব্যবহারে শিশুদের সুরক্ষার দায় কেবল পরিবারের উপর চাপাইয়া না দিয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলিকেও তাহারা জবাবদিহির আওতায় আনিবার উদ্যোগ গ্রহণ করিয়াছে। শুধু তাহাই নহে, বয়স যাচাই এবং অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট ঠেকানোর দায়িত্ব দেওয়া হইয়াছে সংশ্লিষ্ট প্ল্যাটফরমগুলির উপর। পাশাপাশি শিশুদের অনলাইন নিরাপত্তায় কঠোর বিধিবিধান আরোপসহ বয়স যাচাইয়ের ব্যবস্থার ন্যায় কার্যকর এবং সময়োপযোগী বিধিনিষেধ চালু রহিয়াছে। এই সকল উদ্যোগের মূল উদ্দেশ্য কেবল শিশুদের ডিজিটাল জগৎ হইতে বিচ্ছিন্ন করাই নহে; বরং তাহাদের মানসিক বিকাশ, ঘুম, মনোযোগ, সামাজিক সম্পর্ক এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য উপযোগী পরিবেশও তৈরি করা।
প্রশ্ন হইল, প্রযুক্তির জন্ম ও বিকাশে অগ্রণী দেশসমূহই কেন এখন ইহার ব্যবহারে লাগাম টানিতেছে? উত্তরটি কঠিন নহে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করিয়া বলিতেছেন, প্রযুক্তি আশীর্বাদ, তথাপি তাহার অপব্যবহার অভিশাপ হইয়া উঠিতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, সাইবার বুলিং, অপরিচিত ব্যক্তির প্রলোভন, ক্ষতিকর বিষয়বস্তু এবং অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি রহিয়াছে। অপ্রাপ্তবয়স্কদের বিচারবুদ্ধি ও মানসিক পরিপক্বতা বিকাশমান বিধায় তাহারা অনেক সময় অনলাইন ঝুঁকি সঠিকভাবে বুঝিতে পারে না। এই ধরনের বাস্তবতায় বয়সসীমা ও নিরাপত্তাব্যবস্থা উপেক্ষা করা দায়িত্বহীনতার শামিল। সুতরাং, আমাদের দেশের জন্য বিষয়টি কি উপেক্ষা করিবার সুযোগ আছে? সামাজিক যোগাযোগমাধ্যমে বয়সসীমা থাকিলেও ভুয়া জন্ম তারিখ কিংবা পরিচয়ের মাধ্যমে সহজেই অ্যাকাউন্ট খোলা যায়। এই দুর্বলতা দূর করিতে কার্যকর বয়স যাচাই, শিশুদের জন্য নিরাপদ অ্যাকাউন্ট, অভিভাবকের তদারকি এবং ক্ষতিকর কনটেনট নিয়ন্ত্রণ অতি জরুরি। পাশাপাশি পারিবারিক বা সামাজিক জীবনাচরণে সচেতনতা ও দায়িত্বশীলতার সংস্কৃতি গড়িয়া তুলিতে হইবে। মনে রাখিতে হইবে, শিশুর হাতে স্মার্টফোন তুলিয়া দিলেই দায়িত্ব শেষ হইয়া যায় না; বরং তাহার ব্যবহার সম্পর্কেও অভিভাবকের খোঁজ রাখা প্রয়োজন।
আধুনিক বিশ্বের বাস্তবতা হইল, প্রযুক্তি বন্ধ করা সমাধান নহে, আবার ইহার লাগামহীন ব্যবহারও গ্রহণযোগ্য নহে। আর তাই প্রয়োজন সঠিক বয়সে সঠিক ব্যবহার, নিরাপদ পরিবেশ এবং কঠোর নজরদারি ও জবাবদিহি। শিশুদের সুরক্ষায় রাষ্ট্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানি—সকলকেই দায়িত্ব পালন করিতে হইবে এবং তাহা করিতে হইবে সময় থাকিতেই। নতুবা প্রযুক্তির সুফল পাইবার পূর্বেই ইহার অপব্যবহারের চড়া মূল্য দিতে হইতে পারে ভবিষ্যৎ
প্রজন্মকে।
