কালিহাতীতে দুই ‘জিনের বাদশা’ আটক

টাঙ্গাইলের কালিহাতীতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার সময় কথিত দুই জিনের বাদশাকে গণধোলাইল দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা এখন পুলিশ হেফাজতে। শনিবার দিবাগত রাতে উপজেলার দেউপুর এলাকা থেকে নকল মূর্তিসহ তাদের আটক করা হয়।

আটক দুজন হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের দিপ্তী মিয়া আকন্দের ছেলে মোখলেছুর রহমান ও একই এলাকার মৃত আবু ছাত্তারের ছেলে আবু তাহের।

এ বিষয়ে সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে ওই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষকে নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলো। সম্প্রতি স্থানীয় ভ্যান চালক বাছেদও এ চক্রের ফাঁদে পড়ে বিকাশের মাধ্যমে ৩ হাজার ২০০ টাকা পাঠিয়ে দেয়। মূর্তি দিতে তালবাহানা করলে তার সন্দেহ হয়। পরে কৌশলে আরো টাকার লোভ দেখিয়ে ওই চক্রের দুই সদস্যকে গতরাতে গ্রামে ডেকে আনে বাছেদ। 

এ সময় তাদের একটি নকল মূর্তিসহ হাতেনাতে আটক করা হয়। জিনের বাদশা সেজে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করলে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে আজ সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ ফণীতে ক্ষতিগ্রস্ত মতলব উত্তরের চরাঞ্চলে ত্রাণ বিতরণ

কালিহাতী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/নূহু