নড়াইলের লোহাগড়া পৌরসভার মোল্যার মাঠ এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে ওই এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার শেখ। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরলেও সোমবার তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকায় তাঁর ভ্যানটি পাওয়া যায়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে মোল্যার মাঠ এলাকার গিরি বেগমের বাড়ির ছাদে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি ওই বাড়ির ছাদে পৌঁছালেন, তা জানা যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
