দুর্নীতির মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির পাঁচ নেতা। গতকাল সোমবার ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে.এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসব আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন।
বিএনপির এই পাঁচ নেতা হলেন আমান উল্লাহ আমান, ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদহ-২ এর সাবেক এমপি আলহাজ মোঃ মশিউর রহমান ও ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি মো. আব্দুল ওহাব। আবেদনকারীদের পক্ষে আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, আমিনুল হক, আহসানুল করিম, ফখরুল ইসলাম, মো. আরিফুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হন আমান, ওয়াদুদ ভূইয়া ও জাহিদ হোসেন। গত বছর বিশেষ আদালত মশিউর ও ওহাবকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়। এই দণ্ড স্থগিত চেয়ে তারা হাইকোর্টে পৃথক পৃথক আবেদন করেন।