‘শুধু শ্রমজীবী মানুষের নয়, গণমানুষেরও নেতা ছিলেন আহসানউল্লাহ মাস্টার’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, 'আহসানউল্লাহ মাস্টার শুধু শ্রমজীবী মানুষের নয়, গণমানুষেরও নেতা ছিলেন।' রবিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'শ্রমিক নেতা আহসানউল্লাহ মাষ্টার জাতির জন্য জীবন দান করেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামেও তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তবে তাকে শুধু শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেই হবে না, তার চারিত্রিক বৈশিষ্ট্যও অনুসরণ করতে হবে । তার জ্ঞান, শিক্ষা গ্রহণ করে জীবনে কাজে লাগাতে হবে । তার রক্ত যেন বৃথা না যায় এজন্য তার আদর্শের বাস্তবায়ন করতে হবে।'

তিনি আরও বলেন, 'তৎকালীন ক্ষমতাসীন সরকার আহসানউল্লাহ মাস্টারের জঘন্য হত্যাকাণ্ডের পর তদন্ত ছাড়াই এ হত্যাকাণ্ডকে দলীয় অভ্যরীণ কোন্দল বলে চালিয়ে দেয়। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তখন সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের চেষ্টা করলেও তা করতে দেওয়া হয়নি।'

এডভোকেট আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের আয়োজনে এই স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেব ছিলেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, 'আহসানউল্লাহ মাস্টার আজীবন মানুষের সেবা করে গেছেন'।

আরও পড়ুন:  রাজধানীতে ‘জয়ী ঈদ আনন্দ মেলা-২০১৯’ অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশীদ। অপরদিকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আতাউর রহমান। পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শামসুন্নাহার ভুঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কূর আহমেদ ও সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার বক্তৃতা করেন।

ইত্তেফাক/জেডএইচডি