এন্টারপ্রাইজ পর্যায়ে ব্যবসা বাড়ছে ডেলের, কমছে ডেস্কটপ পিসি ও মোবাইলের ব্যবসা

পিসি নির্মাণে একটা সময় পর্যন্ত বিশ্বব্যাপী শীর্ষস্থান দখলে রেখেছিল ডেল। তবে সময়ের সাথে সাথে তারা তাদের সেই স্থানটি ধরে রাখতে পারেনি। এইচপি এসে দখল করে নেয় সেই শীর্ষস্থান। এর পরে এইচপি দীর্ঘদিন শীর্ষস্থানটি ধরে রাখলেও ডেলকে দ্বিতীয় স্থান থেকেও সরিয়ে দেয় লেনোভো। আর এর পরে এইচপিকেও হটিয়ে দিয়ে শীর্ষস্থান দখলে নেয় লেনোভো। সেই থেকে তৃতীয় স্থানটিতেই স্থায়ী হয়েছে ডেল। তবে সাম্প্রতিক সময়গুলোতে তারা রয়েছে আলোচনার মধ্যেই। পাবলিক কোম্পানি থেকে ডেলকে নিজের মালিকানায় নিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। সেই প্রস্তাবনার বিরোধীতাও করছেন অনেকেই। সবমিলিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি অতিক্রম করছে তারা। এর মধ্যেই প্রযুক্তি গবেষণা সংস্থাগুলোর প্রতিবেদনে জানা গেছে, এন্টারপ্রাইজ বা কর্পোরেট পর্যায়ের ব্যবসাতে ক্রমেই উন্নতি করছে তারা। একইসাথে অবশ্য ডেস্কটপ পিসি বা মোবাইলের ক্ষেত্রে তাদের বাজারটা পড়তির দিকেই রয়েছে। ডেল’র প্রতিষ্ঠাতা এবং সিইও মাইকেল ডেল অবশ্য আগেই জানিয়েছিলেন তার নতুন ব্যবসায়িক কৌশলের কথা। তিনি জানিয়েছিলেন, ডেল তার প্রচলিত ব্যবসায়িক কৌশল পরিবর্তন করে এখন এন্টারপ্রাইজ পর্যায়ে বেশি জোর দেবে। আর তাতে করে ডেস্কটপ এবং মোবাইল ব্যবসাতে খানিকটা মনোযোগ কমিয়ে দেবে। এর ফলে আইটি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিস কোম্পানি হিসেবে এন্ড-টু-এন্ড এন্টারপ্রাইজ সার্ভিস প্রদানেই অধিক মনোযোগী হবে ডেল। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে তিনি একাধিকবার এসব বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। তার এই ব্যবসায়িক কৌশল যে কাজ করা শুরু করেছে, তা তাদের সাম্প্রতিক এক তথ্যবিবরণী এমন পরিসংখ্যানই জানিয়েছে। এই পরিসংখ্যানে দেখা যায়, ডেস্কটপ পিসি এবং মোবিলিটিতে ডেল’র রাজস্ব আয় ক্রমেই কমছে। অন্যদিকে সার্ভার ও নেটওয়ার্কিং এবং সার্ভিসে তাদের আয় বাড়তির দিকেই। গত বছরের শেষ দুই চতুর্ভাগ এবং চলতি বছরের তিন চতুর্ভাগের প্রাক্কলিত হিসাবের তুলনামূলক আলোচনায় এই তথ্য জানিয়েছে ডেল। তাদের হিসেবে, চলতি বছরের দ্বিতীয় চতুর্ভাগে সার্ভার ও নেটওয়ার্কিংয়ে তাদের রাজস্ব আয় বাড়বে ১৬ শতাংশ এবং এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। অন্যদিকে একই সময়ে ডেস্কটপ পিসি থেকে আয় আগের বছরের তুলনায় কমে যাবে প্রায় ৯ শতাংশ এবং মোবিলিটি থেকে আয় কমবে প্রায় ১৯ শতাংশ। সার্বিকভাবে দেখা যায়, এক বছরে ডেল’র সার্ভার ও নেটওয়ার্কিং ব্যবসায় আয় বাড়ছে প্রায় ১১ শতাংশ আর বিপরীতক্রমে ডেস্কটপ পিসি’র ব্যবসা কমছে ৮ শতাংশ এবং মোবিলটি ব্যবসা কমছে ২৬ শতাংশ।