নতুন রূপের নিউজ ফিড নিয়ে এল ফেসবুক
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ১৯:৫৩
আগে থেকেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ঘোষণা দিয়ে রেখেছিলেন, ফেসবুকের যে নিউজ ফিডটি সবাই ব্যবহার করে আসছেন, সেটি বদলে যাচ্ছে চেহারায়। তার কথামতোই গত ৭ মার্চ থেকে বদলে গেছে ফেসবুকের এই নিউজ ফিড। আগে এই নিউজ ফিডে টেক্সটকে গুরুত্ব দেওয়া হলেও নতুন রূপে এসে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ছবিতে। বিশেষজ্ঞদের প্রাথমিক মন্তব্য, অ্যান্ড্রয়েড বা আইওএস-এর মতো মোবাইল অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশনের মতো করেই ডিজাইন করা হয়েছে নতুন এই নিউজ ফিড। নিউজ ফিডের প্রতিটি উপাদানের সাথে যেন গ্রাহকরা যাতে সহজে এবং অনেক বেশি সম্পৃক্ত হতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই এটির নতুন ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছেন নতুন নিউজ ফিডের অন্যতম প্রধান ডিজাইনার ক্রিস স্ট্রুহার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি জানান, ‘অনেকেই অভিযোগ করে, নিউজ ফিডটি অনেক ঘিঞ্জি মনে হয় তাদের কাছে। এই সংখ্যাটি অবহেলা করার মতো নয়। কাজেই নিউজ ফিডকে পরিচ্ছন্ন একটি রূপ দিয়ে আরও আধুনিক করে তুলতেই আমরা সচেষ্ট ছিলাম। আর সকলে যাতে সহজে ব্যবহার করতে পারে এটি, সেটাও আমরা চেষ্টা করেছি।’ নতুন রূপের ফেসবুকে তিনটি কলামের পরিবর্তে রয়েছে দুইটি কলাম, যাতে নিউজ ফিডকে আগের চাইতে অনেক বেশি জায়গা নিবে। এর সাথে একটি বিকল্প নিউজ ফিডও রয়েছে যেখানে ব্যবহারকারী চাইলেই আগের পোস্টগুলো দেখে নিতে পারবেন। এর সাথে সাথে পপ-আউট বারও রয়েছে একটি। ইতোমধ্যেই এটি একে একে প্রোফাইলগুলোতে যুক্ত হতে শুরু করেছে। মাসখানেক সময়ের মধ্যেই এটি সকলের প্রোফাইলে যুক্ত হয়ে যাবে।