রূপগঞ্জের মুড়াপাড়া বাজার এলাকায় দুটি মিষ্টির এবং একটি বেকারি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেয়া হয়েছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য গতকাল সোমবার বিকেলে সেখানে অভিযানে গিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্বে ছিলেন ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। সেখানে গিয়ে তারা পান মণকে মণ ভেজাল মিষ্টি। এছাড়া অবৈধ গ্যাস সংযোগেরও সত্যতা পান। অভিযানকালে আটক করা হয় ৭ জনকে এবং কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ধ্বংস করা হয় ৬০ মণ মিষ্টিসহ ভেজাল খাদ্য। ওইসব প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, মুড়াপাড়া বাজার এলাকায় ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার, সুভাস মিষ্টান্ন ভান্ডার ও ইলিয়াছের বেকারি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে প্রতিষ্ঠান চালানো হচ্ছে বলে অভিযোগ পেয়েছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বিকেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নিয়ে ওই তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের সত্যতা পাওয়া যায়। সেইসঙ্গে পাওয়া যায় বিপুল পরিমাণ ভেজাল মিষ্টিসহ খাদ্যসামগ্রী। মিষ্টি, ছানা, রসমালাই, সিরাসহ খাদ্য সামগ্রীতে মশা-মাছি মরে পচে থাকতে দেখা যায়। এসব অপরাধে কারখানার শ্রমিক মারফত আলী, অরুণ বিশ্বাস, নুরুল ইসলাম, দিল মোহাম্মদ, আবুল কালাম, শীতল ঘোষ, ফাইজুদ্দিনকে আটক করা হয়। এসময় প্রায় ৬০ মণ মিষ্টিসহ সব ভেজাল খাবার মাটিতে ফেলে ধ্বংস করে দেওয়া হয়। ওইসব প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মফিজুল ইসলাম, মিটারিং এবং ভিজিল্যান্স ব্যবস্থাপক প্রকৌশলী দেলোয়ার হোসেন, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান, উপ-ব্যবস্থাপক নৃপেন্দ্র বিশ্বাস, মিজবাউর রহমান, রেজাউল করিম খান, সারোয়ার হোসেন, মাসউদ-উল হক, ইসমাইল হোসেন প্রমুখ।