একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন, নির্বাহী বিভাগ ও গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানালেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহবান জানান সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি, প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন নান্নু, পিচ প্রেসার গ্রুপ জেলা কমিটির সমন্বয়কারী ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। লিখিত বক্তব্য পাঠের পর সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবু।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনকালীন সময়ে সরকারের নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীন। কাজেই, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে; যাতে ভোটাররা নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ দেয়ার আহবান জানান তিনি। নির্বাহী বিভাগ যাতে সরকার দলীয় প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকেও নির্বাচন কমিশনকে নজর দেয়ার আহবান জানান। তিনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য আচরণ করার আহবান জানান। তিনি বলেন, গণমাধ্যম ও পর্যবেক্ষকদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনগণকে সচেতন হতে হবে। সত্, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।