গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার দুপুরে কাভার্ডভ্যান চাপায় নাঈম হাসান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। নিহত নাঈম হাসান উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিটি) অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। তিনি পাবনার আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক জানান, টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান নাঈম হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে একঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে।