বার্সেলোনা পিএসজি শেষ আটে মুখোমুখি

চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারি সেন জার্মেইর (পিএসজি) মোকাবেলা করবে। এ পর্বে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তুরস্কের গালাতাসারায়কে। গতবারের ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ খেলবে জুভেন্তাসের সাথে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে খেলতে আসা আরেক স্পানিশ ক্লাব মালাগাকে মুখোমুখি হতে হবে বরুশিয়া ডর্টমুন্ডের। ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালগুলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২ ও ৩ এপ্রিল। ৯ ও ১০ এপ্রিল হবে ফিরতি লেগের খেলা। এরপর ১২ এপ্রিল আবারো নিয়নে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র। সব শেষে ২৫ মে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগে ১৯৯৬ সালের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাব নেই শেষ আটে। তবে ইংলিশদের সান্ত্বনা হতে পারে ফরাসি ক্লাব পিএসজিতে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যামের অন্তর্ভুক্তির বিষয়টি। অতি সমপ্রতি তিনি ক্লাবটিতে যোগ দেন। পিএসজিও ১৯৯৫ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। সেবার ফরাসি ক্লাবটি দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে হারানোর পর সেমিফাইনালে গিয়ে এসি মিলানের কাছে পরাস্ত হয়েছিল। মরিনহো অবশ্য কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়ে তার পুরোনো শিষ্য সাবেক চেলসি তারকা দিদিয়ের দ্রগবার মুখোমুখি হবেন। আইভরি কোস্টের এই স্ট্রাইকার সমপ্রতি চীন ঘুরে তুরস্কের এই ক্লাবটিতে যোগ দেন। দ্রগবা কিছুটা হলেও হুমকি হয়ে উঠতে পারেন মাদ্রিদের ক্লাবটির জন্য। কোয়ার্টার ফাইনাল পক্ষ বিপক্ষ মালাগা বরুশিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদ গালাতাসারায় পিএসজি বার্সেলোনা বায়ার্ন মিউনিখ জুভেন্তাস