বার্সার ওপর চাপ বাড়াতে
মাঠে নামছে রিয়াল
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:১৩
স্প্যানিশ লিগে বর্তমানে বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। তবে ব্যবধানটা আরো কমিয়ে আনার লক্ষ্যে আজ শনিবার নিজেদের ২৮তম ম্যাচে মায়োর্কার বিরুদ্ধে খেলবে কোচ হোসে মরিনহোর শিষ্যরা। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলাটি।
মরিনহো দৃশ্যতই টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের আশা ছেড়েই দিয়েছেন। যদিও অংকের হিসেবে ব্যাপারটা এখনো অসম্ভব নয়। এরপরও বাস্তবতা মেনে শিরোপার চাইতেও জয়ের ধারা অব্যাহত রেখে ভালো অবস্থায় পৌঁছে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নিয়েই লা-লিগায় এখন ম্যাচগুলো খেলছে রিয়াল। রিয়াল মাদ্রিদ মৌসুমের শুরুটা যাচ্ছেতাই খেললেও লা লিগায় সর্বশেষ পাঁচ খেলাতেই জিতেছে। এর মধ্যে আছে বার্সেলোনাকে হারানোর টগবগে স্মৃতিও। লিগ ও কোপা ডেল-রে মিলিয়ে টানা দুটি এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছে মাদ্রিদের দলটি। সব মিলিয়ে ওই সপ্তাহটি স্বপ্নের মতো কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সতীর্থদের। এ জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রিয়াল।
মায়োর্কার বিপক্ষেও জিতলে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সাথে ব্যবধান আরো কমিয়ে আনতে সক্ষম হবে রিয়াল। এ লক্ষ্যের কথাই জানালেন দলের স্প্যানিশ মিডফিল্ডার জাভি অ্যালোনসো, ‘পয়েন্টের ব্যবধানে আমরা অনেক পিছিয়ে আছি। এরপরও লিগের বাকি ম্যাচগুলো আমরা জিততে চাই, যদি শেষদিকে শিরোপা জয়ের কোন সুযোগ আসে সেজন্য। তাছাড়া মায়োর্কার বিপক্ষে জিততে পারলে বার্সেলোনার ওপর কিছুটা হলেও চাপ সৃষ্টি করা যাবে। কারণ এতে ব্যবধান ১০ পয়েন্টে নেমে আসবে। তাই মাঠে নিজেদের সেরাটা দিয়েই পুরো তিন পয়েন্ট পেতে উদগ্রীব আমরা।’
কাগজে কলমে শক্তির বিচারে বেশ পিছিয়ে আছে মায়োর্কা। পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান অবনমনের শংকায়। তারপরও মায়োর্কাকে সহজভাবে নিতে নারাজ জাভি, ‘এখন আমাদের কাছে সব প্রতিপক্ষই সমান। তাই মায়োর্কাকে কঠিনভাবেই নিচ্ছি আমরা। লিগে আর পয়েন্ট হারাতে চাই না। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই’।
মাদ্রিদের ক্লাবটির সর্বশেষ অনুশীলনে ডি মারিয়া ও নিয়মিত অধিনায়ক ইকার ক্যাসিয়াস অংশ নেন। দুজনই ইনজুরি থেকে সেরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রিয়াল ২৭ খেলা শেষে ৫৮ পয়েন্ট নিয়ে বর্তমানে আছে দ্বিতীয় স্থানে। সে তুলনায় একই সমান সংখ্যক খেলায় ২৪ পয়েন্ট পেয়ে ১৮তম স্থানে রয়েছে মায়োর্কা। অবনমন এড়াতে চাইলে মায়োর্কাকে এ খেলায় জিততেই হবে, উজাড় করে দিতে হবে নিজেদের সেরাটা। প্রথম পর্বে নিজেদের মাঠে বড় ব্যবধানেই রিয়ালের কাছে ৫-০ বিধ্বস্ত হয়েছিল মায়োর্কা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও গঞ্জালো হিগুইয়েন জোড়া গোল করেছিলেন।
দল দুটির পাশাপাশি আরো তিন খেলায় মুখোমুখি হবে রিয়াল সোসিদাদ-রিয়াল ভ্যালাডোলিড, গেটাফে-অ্যাথলেটিক বিলবাও এবং ভ্যালেন্সিয়া-রিয়াল বেটিস। —বাসস