অজি কোচের সমালোচনায় বয়কট
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:১৩
খেলোয়াড়দের সঙ্গে ‘স্কুল পড়ুয়া শিশুদের’ মতো আচরণ করায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ মিকি আর্থারের সমালোচনা করে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জিওফ্রে বয়কট বলেছেন, পুরো ব্যাপারটা তার কাছে শিশুসুলভ মনে হয়েছে।
অস্ট্রেলিয়া দল চেন্নাই ও হায়দ্রাবাদের প্রথম দুই টেস্টে ভারতের কাছে পরাজিত হওয়ার পর তৃতীয় টেস্টের আগে কিভাবে পারফরমেন্স ভালো করা যায় সে বিষয়ে লিখিতভাবে জানাতে ব্যর্থ হওয়ায় সহ-অধিনায়ক শেন ওয়াটসনসহ চার খেলোয়াড়কে শাস্তি দেয়া হয়। এ প্রসঙ্গে বয়কট বলেন, একজন ‘শিক্ষকের’ মতো আচরণ না করে খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারতেন আর্থার।
তার মতে কোচ যদি মনে করে কোনো কোনো ক্ষেত্রে উন্নতি করা উচিত— তাহলে এটা অবশ্যই কোচিং স্টাফদের ব্যাপার এবং প্রধান কোচ হিসাবে আর্থারের নিজের উচিত ছিলো ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আলোচনা করা। বয়কট বলেন, ‘সব সময়ই আমি মনে করি এটাই কোচের কাজ। একজন শিক্ষকের মতো ভূমিকায় কোচকে আমি পছন্দ করি না।’
বর্তমানে ৭২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বলেন, ‘খেলোয়াড়দের কোনো বিষয় উপস্থাপন করতে বলার চেয়ে একজন কোচ হিসাবে বন্ধুর মতো আলোচনা করে তিনি খেলোয়াড়দের সাহায্যের চেষ্টা করতে পারতেন।
ইয়র্কশায়ারের সাবেক এ অধিনায়ক মনে করছেন, একজন অধিনায়ক হিসাবে ক্লার্কের জন্যও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ক্লার্কের জায়গায় তিনি নিজে অধিনায়ক হলে বিষয়টি ভিন্নভাবে পরিচালনা করতেন ।বাসস