ভাল শুরুর পরও কোণঠাঁসা অস্ট্রেলিয়া
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:৪১
ভারতীয় স্পিনাররা শেষ বিকালে চার উইকেট তুলে নিলে অস্ট্রেলিয়া শতরানের পার্টনারশিপের পরও মোহালি টেস্টের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সফরকারীরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। দিন শেষে অস্ট্রেলিয়া সাত উইকেটে ২৭৩ রান তোলে।
বৃষ্টির কারণে গত বৃহস্পতিবার উদ্বোধনী দিনে খেলা তো দূরে থাক এমনকি টসও করা যায়নি। গতকাল দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিং নেয় সফরকারীরা। এড কাওয়ান (৮৬) ও ডেভিড ওয়ার্নারের (৭১) শতরানের জুটিতে ভাল সূচনাই করেছিল অস্ট্রেলিয়া। দুইজনে উদ্বোধনী জুটিতে ১৩৯ রান করেন।
বাঁহাতি অফস্পিনার রবীন্দ্র জাদেজা ৪৮তম ওভারের শেষ দুই বলে ওয়ার্নার ও মাইকেল ক্লার্ককে ফিরিয়ে দেন। ক্লার্ক আউট হন রানের খাতা না খুলেই। এরপরই খেলায় ফেরে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা। এরপর স্পিনার ও পেসারদের সাঁড়াশি আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ক্লার্কের দল বড় ইনিংস গড়ার সুযোগ হারায়।
কোয়ান ২৩৮ বল খেলে আট বাউন্ডারির মারে দল সর্বোচ্চ ৮৬ রান করেন। ৫৮ রানে ক্রিজে রয়েছেন স্টিভেন স্মিথ। তার সাথে আছেন মিচেল স্টার্ক (২০)। ওয়ার্নার ৭১ রান করেন ১৪৭ বলে। এর মধ্যে ছিল নয় বাউন্ডারির মার। রবীন্দ্র জাদেজা ৫৬ রানে তিন উইকেট তুলে নিয়ে দিনের সফলতম বোলার। দুই উইকেট পেয়েছেন পেসার ইশান্ত শর্মা। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা।