আফগান ক্রীড়াবিদদের কাছেও জনপ্রিয় ধোনি
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:৪১
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে হাঁটি-হাঁটি করে এগিয়ে চলছে ক্রিকেট। শুধু ক্রিকেটই নয়, খেলাটির অন্যতম তারকা ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ইতোমধ্যে সেখানে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের নদীয়ায় আসা আফগানিস্তানের সাইক্লিং দলটির কাছেই জানা গেল এ তথ্য। তারা একই সাথে জানান দিচ্ছেন কত দ্রুত সেদেশে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠছে। প্রসঙ্গক্রমেই আফগান ক্রিকেটাররা জানালেন ধোনির জনপ্রিয়তার কথা। ভারতীয় হিন্দি চলচ্চিত্রের প্রতি অনুরাগের কথাও প্রকাশ করেন তারা। আফগানিস্তান সাইক্লিং ফেডারেশনের সম্পাদক আনোয়ার জানান, ‘আফগানিস্তানে এক নম্বর খেলা ফুটবল। কিন্তু গত পাঁচ বছরে অতিদ্রুতই উঠে এসেছে ক্রিকেট। অদূর ভবিষ্যতে আমরা একটা শক্তিশালী ক্রিকেট জাতিতে পরিণত হবো বলে অত্যন্ত আশাবাদী আমি।’
আফগানরা গত দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে।
ছয়জন পুরুষ ও তিনজন মহিলার সমন্বয়ে গঠিত আফগান সাইক্লিং দলটির কাছে বলিউড অনেক বেশি পছন্দের এবং নিজ দেশের ক্রিকেটারদের চেয়ে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে বেশি জানে।
স্পোর্টসের জন্য সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে পারওয়ান প্রদেশ থেকে নদীয়ায় আসা সালমা কাকার বলেন, ‘আমি যাদের খুব বেশি পছন্দ করি— ধোনি তাদেরই একজন। আমি খুব বেশি ক্রিকেট না দেখা সত্ত্বেও তাকে আমি খুব পছন্দ করি। একটি টেলিভিশন বিজ্ঞাপনে আমি তাকে প্রথম দেখি।’
একজন মহিলা হয়েও ক্রীড়াব্যক্তিত্বে পরিণত হওয়াটা আফগানিস্তানে কতটা কঠিন— এমন প্রশ্নের জবাবে সালমা বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আউটডোরে অনুশীলন করা। লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে এবং আমাদের পুরো শরীর আবৃত রাখার বিষয়টি নিশ্চিত করতে হয়।’- বাসস