২০০ গোলের সামনে ল্যাম্পার্ড

চেলসির জার্সি গায়ে ২০০তম গোলের লক্ষ্য নিয়ে আজ স্টামফোর্ড ব্রিজে নামছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির প্রতিপক্ষ আজ ল্যাম্পার্ডের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সেই ২০০১ সালে ওয়েস্ট হ্যাম থেকে যোগ দিয়েছেন চেলসিতে। খেলেছেন ৫৯৪টি ম্যাচ। অসাধারণ সব পারফরম্যান্সে ঠাঁই করে নিয়েছেন সমর্থকদের মনে। এ মৌসুম শেষেই ছেড়ে যাচ্ছেন বারো বছরের বন্ধন ছিন্ন করে। কিন্তু তার আগে ক্লাবের হয়ে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ল্যাম্পার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে তার গোলের সংখ্যা ১৯৯টি। আরেকটি গোল করলেই নাম লেখাবেন ব্লুজদের জার্সি গায়ে ২০০ গোল করা খেলোয়াড়দের তালিকায়। তবে আজকের ম্যাচে ল্যাম্পার্ডের মাঠে নামা হবে কিনা সে বিষয়ে এখনি বলা যাচ্ছে না কিছুই। কারণ ইউরোপা লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে যে দলটি স্টুয়া বুখারেস্টকে হারিয়েছিল সে দলেও ছিলেন না ল্যাম্পার্ড। আর চেলসিতে আসার পরে নিজের সেরা সপ্তাহটা কাটাতে থাকা চেলসি কোচ রাফায়েল বেনিতেজ যে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না সেটাই স্বাভাবিক। স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্ট হ্যামের রেকর্ডটাই হয়তো এ ম্যাচে তাদের জন্য সবচেয়ে বড় শত্রু। কেননা এখানে গত দশ বছরে কোন জয় পায়নি দলটি। সর্বশেষ জয়টি এসেছে ২০০২ সালে। এরপরে এখানে সাতটি ম্যাচ খেলে ছয়টিতেই হারতে হয়েছে হ্যামারদের। তাদের জন্য আরো বড় দুঃসংবাদ হচ্ছে এ ম্যাচে তারা হয়তো দলে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক কেভিন নোলানকে।