বেগম রোকেয়া হাউজ চ্যাম্পিয়ন
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২০:৪৪
শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেগম রোকেয়া হাউজ। চ্যাম্পিয়ন দলের সংগ্রহ ছিল ২৩০ পয়েন্ট। ২১৮ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে নওয়াব ফয়জুননেসা হাউজ। ব্যাক্তিগত নৈপুণ্য দেখিয়ে ছয় পয়েন্ট পেয়ে সাবরিনা আলম প্রথম এবং পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুবিনা জেসমিন। ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গণে গত শুক্রবার অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের চারটি হাউজ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ, মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বিশেষ অতিথি বেগম সাবিনা রহমান খান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর জানিয়েছে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল শাহাদাত্ হোসেন সিকদার, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।