বিএনপি পারিবাস ওপেন
ছেলেদের ফাইনালে নাদাল-পোত্রো
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:০২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল এবং হুয়ান মার্টিন ডেল পোত্রো। শনিবার পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে ইনজুরি ফেরত ১১বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের বিপক্ষে ৬-৪, ৭-৫ গেমের জয় তুলে নিয়েছেন। অপর সেমিফইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের জয়রথ থামিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রো। সার্বিয়ান শীর্ষ বাছাই জকোভিচকে হতাশ করে ডেল পোত্রো প্রথম সেটে ৪-৬ হেমে হার মানলে দূর্দান্তভাবে ম্যাচে ফিরে পরের দুই সেট ৬-৪, ৬-৪ গেমে জিতে নিয়েছেন। আর এর মাধ্যমে জকোভিচের টানা ২২ ম্যাচ জয়ের ধারাবাহিকতা শেষ হলো। গত অক্টোবর মাস থেকে জকোভিচের এই জয়ের ধারা অব্যাহত ছিল। এই ধারাবাহিকতায় তিনি বছরের প্রথম গ্র্যান্ড স¬্যাম অস্ট্রেলিয়ান ওপেন এবং দুবাই মাস্টার্স ওপেনের শিরোপাও জয় করে নিয়েছেন।
ম্যাচ শেষে ডেল পোত্রো বলেছেন, ‘‘আমি পুরো আত্মবিশ্বাস নিয়েই আজ খেলেছি, মূলত ফোরহ্যান্ড দিয়েই আমি জয়ের উত্স খুঁজে পেয়েছিলাম। গুরুত্বপূর্ণ মূহুর্তে আমি ভাল খেলেছি এবং শেষ পর্যন্ত দারুন একটি জয় তুলে নিয়েছি। এটা সত্যিই খুব কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে এত গরমের মধ্যে খেলাটা খুব কষ্টকর। আমার এখন নিজেকে রোববারের ম্যাচের জন্য প্রস্তুত করে তুলতে হবে।”
চলতি বছর ১৭টি ম্যাচে জয় পাওয়া জকোভিচের জন্য এই পরাজয়টা বেশ হতাশাজনক ছিল। তবে ম্যাচে শেষে ডেল পোত্রোকে অভিনন্দন জানাতে ভুল করেননি। যদিও এই সময় তাকে মানসিক ভাবে বেশ পর্যুদস্ত দেখাচ্ছিল। ম্যাচ শেষে বিশ্বের এই শীর্ষ তারকা বলেছেন, ‘‘এরকম হতেই পারে। আজকের সব কৃতিত্ব আমার প্রতিপক্ষের। এই জয়টা তার প্রাপ্য ছিল কারণ ম্যাচের গুরুত্বপূর্ণ মূহুর্তে সে বেশী মনোযোগী ছিল এবং সঠিক সময়ে সঠিক শট খেলেছে। কোর্টে তার স্টেপও দারুন ছিল। অন্যদিকে আমি অনেকগুলো আনফোর্সড এরর করেছি। এটা ম্যাচে হতেই পারে।”
এর আগের দশবারের মোকাবেলায় ডেল পোত্রো মাত্র দুইবার জকোভিচকে পরাজিত করেছেন। এর মধ্যে অবশ্য একটি ছিল গত বছর লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার ম্যাচটি। এরপর জকোভিচ নিজেকে প্রস্তুত করে ডেল পোত্রোর বিপক্ষে সিনসিনাতি মাস্টার্স, ইউএস ওপেন এবং গত বছরের শেষ এটিপি ফাইনাল এবং ফেব্রুয়ারিতে দুবাই ওপেনে জয় তুলে নিয়েছিলেন।
ফাইনালে ডেল পোত্রো মুখোমুখি হবেন সাত মাস ইনজুরির সাথে লড়াই করে পুনর্জাগতির সাবেক শীর্ষ তারকা রাফায়ের নাদালের। আর এই ম্যাচকে সামনে রেখে নাদাল বলেছেন, ‘‘সাত মাস পরে কোর্টে ফিরে আমার হারানোর কিছুই নেই। আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশী কিছু পেয়েছি। আমার জন্য সেমিফাইনালে জয়টা একেবারেই অপত্যাশিত ছিল। ফাইনালে যাওয়াটা খুবই বিস্ময়কর। কিন্তু এই পর্যন্ত আসতে পেরে আমি সত্যিই খুশী, খুবই খুশী।”
২০১২ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পরে এই প্রথম কোন হার্ড কোর্ট টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করলেন নাদাল। ঐ বছর জকোভিচের কাছে পাঁচ সেটের ব্যবধানে পরাজিত হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল রানার্স-আপ হয়েছিলেন। প্রায় এক বছর তিনি কোন হার্ড কোর্ট টুর্নামেন্টও খেলেননি। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সাত মাস কোর্টের বাইরে ছিলেন। - বাসস/এএফপি