জাতীয় দলে নেই দ্রগবা!
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:০২
ক্লাব ফুটবলে তিনি বিস্ময়কর এক নাম! ইংলিশ ক্লাব চেলসির হয়ে তার কৃতিত্বের কথা না বললেই নয়। গত মৌসুমে ক্লাবটির হয়ে জয় করেন উয়েফা চ্যম্পিয়ন্স লিগের শিরোপা। চীনা ক্লাব সাংহাই শিনহুয়া হয়ে এখন তার অবস্থান তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে। ক্লাবটিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নিয়ে যাওয়ার পিছনেও দ্রগবার অবদানের কথা ভুলে গেলে চলবে না। এতো কিছুর পরেও জাতীয় দলেই কিনা জায়গা হল না ৩৫ বছর বয়সী দ্রগবার। আগামী ২৩ মার্চ আবিদজানে গাম্বিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে আইভরি কোস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা।
ক্লাব ফুটবলে নিয়মিত পারফরম্যান্সের মধ্যে থাকলেও জাতীয় দলের হয়ে কোন বড় শিরোপার দেখা পাননি দ্রগবা। গত বছর আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে তার পেনাল্টি মিসের খেসারত দিয়ে টাইব্রেকারে জাম্বিয়ার বিপক্ষে হেরে যায় আইভরি কোস্ট। এবারও কোয়ার্টার ফাইনালেই শেষ হয় আইভরি কোস্টের যাত্রা।
আফ্রিকান নেশন্স কাপে খেলা আইভরি কোস্টের এবারের দল থেকে গালাতাসারের দ্রগবা ছাড়াও আরো পাঁচজন খেলোয়াড় বাদ পড়েছেন। কোচ সাবরি লামোউচির বিবেচনায় না থাকা অপর খেলোয়াড়রা হলেন সাইকা টিয়েনে (প্যারিস সেইন্ট জার্মেই), এমানুয়েল এবোন (গ্যালাতাসারে), রোমারিক এনদ্রি কোফি (রিয়াল জারাগোজা), ড্যানিয়েল ইয়েবোয়া (ডিওন) এবং ইগোর লোলো (এফসি কুবান ক্রাসনোডার)।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ সি’তে চার পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে আইভরি কোস্ট। এরপরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে তানজানিয়া (৩ পয়েন্ট), মরক্কো (২ পয়েন্ট) এবং গাম্বিয়া (১ পয়েন্ট)।
স্কোয়াড :
গোলরক্ষক : বুবাকার ব্যারি, আলি বাদ্রা সাঙ্গারে, আব্দুল করিম, সিলভেইন জিবোহো।
ডিফেন্ডার : সোলেমান বাম্বা, কোলো টোরে, দিদিয়ের জোকোরা, আর্থার বোকা, ইসমাইল ট্রায়োরে, বেনজামিন আনগোয়া ব্রু, জিন-ড্যানিয়েল আকপা আকপ্রো।
মিডফিল্ডার : ইয়াইয়া টোরে, দিদিয়ের ইয়া কোনান, ম্যাক্স গ্র্যাডেল, আব্দুল রাজাক, চেইক ইসমাইল টিয়োটে, লোসেনি কারাবো, গিওভান্নি সিও, জিওফ্রি সেরি, এমানুয়েল কোনে কোমাটেইন।
স্ট্রাইকার : জারভিনহো, সলোমন কালু, উইলফ্রিড বনি, লাসিনা ট্রায়োরে, আরুনা কোনে, সেইযু ডম্বিয়া, গেরার্ড ডি গুয়া গোহু, কেভিন জোগুলা।