মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই অগ্নি্কাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদি দোকান, কীটনাশক ও সারের দোকান, মুদি মালের গোডাউন ও কাঠের দোকানসহ ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫টি দোকান। এলাকাবাসীর সহযোগিতায় শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাজারের ব্যবসায়ীরা জানান, মধ্যবাজারের নজরুল ইসলামের কাঠের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘণ্টাখানেক পর শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে এসে পৌঁছায় এবং দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে শাহজাদা, মোকলেস, সুশান্ত কুন্ডু, নিখিল নন্দি, মো. কামাল এর মুদি দোকান, আ. রশিদ শেখ ও শাহ আলম মাঝির কীটনাশক সারের দোকান এবং নজরুল ইসলামের কাঠের দোকান ভস্মীভূত হয়। ব্যবসায়ীরা জানান, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কাজীর বাগ গ্রামের বিল্লাল খান ও গোড়াপী পাড়া গ্রামের মো. সজলসহ ৪ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।