সাইবার আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে যে সাইবার আক্রমণের মুখে পড়েছে, তার জন্য তারা প্রধানত যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের সাথে সাথে তাদের সহযোগী হিসেবে দক্ষিণ কোরিয়ার দিকেও সন্দেহের তীর ছুঁড়ে দিয়েছে তারা। গত বুধবার এবং বৃহস্পতিবারে পিয়ংইয়ংয়ে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যায়নি। সাইবার আক্রমণের ফলেই সেখানকার ইন্টারনেট সংযোগ বাঁধাগ্রস্ত হয়ে পড়ে বলেই জানিয়েছে সেখানকার প্রযুক্তি বিশ্লেষকরা। এই সাইবার আক্রমণের পেছনেই যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার হাত রয়েছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেসিএনএন (কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি) প্রকাশিত এক প্রতিবেদনে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার অব্যাহত ভাইরাস আক্রমণের ফলেই ইন্টারনেট সংযোগ বাঁধাগ্রস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।