সিদ্ধিরগঞ্জে দোকানের বাকি পরিশোধ না করায় মো: আরিফ নামে এক স্কুলছাত্রকে বেঁধে রেখে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে রূহানী ডিপার্টমেন্টাল স্টোর মালিক হারুন সরদারকে আটক করে পুলিশ। কিন্তু পরে প্রভাবশালী মহল আরিফের পরিবারকে ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে থানা থেকে ছাড়িয়ে নেয় হারুন সরদারকে। বৃহস্পতিবার নাসিক ৪ নং ওয়ার্ড আটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে দোকানদার হারুনের দাবি আরিফকে মারধর বা তার মাথার চুল তিনি কাটেননি। এটি তৃতীয় পক্ষের কাজ। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলামের ভাই পরিচয় দিয়ে এক যুবক আরিফের চুল কেটে চলে যায়। হারুনের ধারণা, জরিমানা আদায় করার জন্য পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে। তা ছাড়া আরিফ দোকান থেকে বাকিতে পণ্য কেনার সময় নিজেকে থানার এসআই রফিকুল ইসলামের ছেলে বলে পরিচয় দিয়েছিল- এমনটি জানিয়েছে হারুন সরদার। সব মিলিয়ে বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।