সমৃদ্ধশালী উন্নত দেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই --------- নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সমৃদ্ধশালী ও উন্নত দেশ গড়ে তুলতে শেখ হাসিনাকে আরো একবার নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত দেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জের নির্বাচন উল্লেখ করে তিনি এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করারও আহ্বান জানান।

গতকাল সোমবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজিপুরে মনোনয়নপত্র দাখিলের পূর্ববর্তী এক সমাবেশে তিনি এ কথা বলেন।

পরে মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্নার শান্তি কামনা করেন। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো তাকে সিরাজগঞ্জ-১ (কাজিপুরে) মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী পরে দুপুর পৌনে দুইটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক উন্নয়নে, শুধু দেশের মানুষই নয় গোটা বিশ্বের সরকার প্রধানগণ আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছে। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ জঙ্গি মুক্ত হয়েছে। বিদ্যুত্সহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। গ্রামের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এ সময় তার সাথে ছিলেন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসেস লায়লা আরজুমান্দ বানু বিথী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল  প্রমুখ। পরে মোহাম্মদ নাসিম ছোনগাছায় একটি পথসভায় বক্তব্য রাখেন।