রক্ত পরীক্ষা করতে স্মার্ট ডিভাইস উদ্ভাবন
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ১৯:৪৫
সময়টা স্মার্ট ডিভাইসের। মোবাইল ফোন থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় অনেক ডিভাইসেই যুক্ত হচ্ছে স্মার্ট সুবিধা। চিকিত্সা ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত পুরোনো। হালের এই স্মার্ট আমলে এসে চিকিত্সার সাথে সংশ্লিষ্ট ডিভাইসগুলোও স্মার্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বেশকিছু ডিভাইস তৈরি হয়েছে, যেগুলো সরাসরি শরীরের বিভিন্ন রোগের খবর জানাতে পারে মোবাইল ফোনের মাধ্যমে। এবারে রক্ত পরীক্ষার জন্য ক্ষুদ্রাকৃতির এক ডিভাইস উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, এই ক্ষুদ্রাকৃতির ডিভাইসকে স্থাপন করা যায় চামড়ার নিচে এবং এটি তাত্ক্ষণিকভাবেই মোবাইলের মাধ্যমে রক্ত পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে সক্ষম। সুইজারল্যান্ডের এই গবেষক দল জানিয়েছে, এক ইঞ্চিরও অর্ধেকের সমান (১৪ মিলিমিটার বাই ২ মিলিমিটার) এই ডিভাইসটি একই সময়ে রক্তের পাঁচটি উপাদানের তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা করতে সক্ষম। আর রক্ত পরীক্ষার পর ফলাফল বা প্রাপ্ত তথ্য বেতার তরঙ্গ (রেডিও ওয়েভ) এবং ব্লুটুথের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে ডাক্তারের কাছে। এই ডিভাইসটিকে নিডলের সাহায্যে স্থাপন করা যাবে চামড়ার ঠিক নিচেই। হাত, পা বা পেটের চামড়ার নিচে স্থাপন করা যাবে এই ডিভাইসটি। আর সেখানেই এটি এক মাসেরও বেশি সময় ধরে সচল থাকতে পারবে পূর্ণ কর্মক্ষমতা নিয়ে। এর উদ্ভাবকরা আশা করছেন, আগামী চার বছরের মধ্যেই এটি সব ধরনের মানুষের ব্যবহারের উপযোগী হয়ে বাজারে আসবে। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন স্যানড্রো কারারা। তিনি এবং তার একজন সহযোগী গিওভান্নি ডি মিশেলি জানিয়েছেন, এর আগেও শরীরের অভ্যন্তরে কোনো ধরনের মনিটরিং ডিভাইস প্রবেশ করানো নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে তাদের উদ্ভাবিত এই ডিভাইসটি অন্য সবার চাইতে আলাদা এবং অনন্য। কেননা, এই ডিভাইসের মাধ্যমে একইসাথে একাধিক তথ্য-উপাত্ত পাওয়া সম্ভব। তারা জানিয়েছেন, যাদের রক্তে উচ্চ কোলেস্টেরল রয়েছে বা যারা ডায়াবেটিসের রোগী; তাদের মনিটরিংয়ে এটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। কেমোথেরাপির মতো চিকিত্সাতেও ঔষধের মাত্রা মনিটরিংয়ে সক্ষম হবে এটি।
তরিকুর রহমান সজীব