নাজিরপুর আওয়ামী লীগের কাউন্সিল হয়নি ২৪ বছর

গত ২৪ বছরে জেলার নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে গুজ ও পকেট কমিটি দিয়ে চলে আসছে দলের সাংগঠনিক কার্যক্রম। নামমাত্র দায়সারা কিছু কর্ম বাদে অনেক ক্ষেত্রেই পালিত হয় না দলের হাইকমান্ড নির্দেশিত কর্মসূচিসহ সিংহভাগ দলীয় কর্মকাণ্ড। ছাত্রলীগ, যুবলীগসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনগুলোরও বেহাল দশা চলছে। সূত্র জানায়, বিগত ১৯৮৯ সালে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ঐ কমিটি দিয়ে দীর্ঘ ১৫ বছর চলে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। এর মধ্যে ২০০০ সালে কমিটি করলে অমূল্য রঞ্জন হালদার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ২০০৫ সালের প্রথমার্ধে উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আবুল হাসানাত খান দলীয় শৃঙ্খল ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন। ঐ বছর ২০০৫ সালের ১৭ জুন পিরোজপুর জেলা আ’লীগের পক্ষ থেকে অমূল্য রঞ্জন হালদারকে আহবায়ক এবং আঃ হান্নান খান মন্টু, শেখ আবুল বাশার ও মোশারর হোসেন খানকে যুগ্ম আহবায়ক করে উপজেলা আওয়ামী লীগের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এদিকে উপজেলা শাখা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগসহ আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনগুলোরও ৮/১০ বছর ধরে কাউন্সিল হচ্ছে না। ঝিমিয়ে পড়েছে সংগঠনগুলোর কার্যক্রম। এ বিষয়ে কথা হলে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অমূল্য রঞ্জন হালদার বলেন, ওয়ার্ডগুলোর কমিটি গঠন শেষ হয়েছে, ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল শুরু হয়েছে। ৯টি ইউনিয়নের কাউন্সিল শেষ করে শীঘ্রই উপজেলা পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠিত হবে।