দুই দিন বাড়ল বিসিএস সিটি আইটি কম্পিউটার মেলা

১৪ মার্চ থেকে শুরু হওয়া দশ দিনের বিসিএস কম্পিউটার সিটির সিটি আইটি কম্পিউটার মেলা শেষ হওয়ার কথা ছিল গতকাল। তবে হরতালের কারণে দুই দিন মেলা বন্ধ থাকায় মেলার মেয়ার দুই দিন বাড়ানো হয়েছে। এতে করে মেলা চলবে আগামীকাল ২৫ মার্চ পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, এবারে মেলার শুরু থেকেই রয়েছে ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতি। মেলায় বিক্রির পরিমাণও উল্লেখযোগ্য। মেলায় শুধু পণ্য প্রদর্শন আর কেনা-বেচাই, নয় তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে যুক্ত অনেককেই সংবর্ধনা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ও বিসিএসের সাবেক সভাপতি মো. সবুর খান, বিসিএসের সাবেক মহাসচিব মুনীম হোসেন রানা ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও কম্পিউটার ম্যাগাজিন কম্পিউটার বিচিত্রার প্রতিষ্ঠাতা ভূঁইয়া ইনান লেনিনকে আজীবন সম্মাননা দেয়া হয়। আয়োজকরা জানান, অন্যান্যবারের মতো এবারও মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড় এবং তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার। এ ছাড়া শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং রক্তদান কর্মসূচির মতো বৈচিত্র্যময় আয়োজন দৃষ্টি আকর্ষণ করে উপস্থিত ক্রেতা-দর্শনার্থীদের।