শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে মাইক্রোসফটের কর্মশালা
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ১৯:১০
শিক্ষকদের প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিতে সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ ঢাকায় ‘মাইক্রোসফট পার্টনারস ইন লার্নিং’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষকমণ্ডলী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময়ে মাইক্রোসফট লার্নিং প্রোগ্রামের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাইক্রোসফটের অনলাইনভিত্তিক ‘পার্টনারস ইন লার্নিং’ কার্যক্রম হচ্ছে পাঠদান ও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিসহ এর মানোন্বয়নে একটি উদ্যোগ। এটি এমন একটি প্লাটফর্ম, যা ক্লাসরুমের গণ্ডী পেরিয়ে বিশ্বব্যাপী প্রশিক্ষণ কমিউনিটি তৈরিতে এবং সহকর্মীদের সহযোগিতা করতে উপকরণ ও কৌশল দিয়ে শিক্ষক এবং স্কুল লিডারদের সহায়তা করছে। এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে www.pil-network.com ওয়েবসাইট থেকে। কর্মশালায় মাইক্রোসফট বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসনায়েকে, পাবলিক সেক্টর লিড আহসান শরীফ, টেকনিক্যাল ইভানজেলিস্ট তানজিম সাকিব এবং মাইক্রোসফট বাংলাদেশের এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার সারানা ইসলাম এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।