জন্মদিনেও সেই সাকিব

আর দশটা দিনের চেয়ে সাকিব আল হাসানের জন্য এই দিনটা আলাদাই ছিল। গতকালই সাতাশে পা রাখলেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। কিন্তু স্বভাবমতোই জন্মদিন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস, আনন্দ নেই সাকিবের মধ্যে। এমন দিনেও ব্যাট বল নিয়ে কাল ছুটে এসেছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে; লক্ষ্য ইনজুরি কাটিয়ে যতোদ্রুতসম্ভব মাঠে ফেরা। আর এই লক্ষ্যের কাছে জন্মদিন খুব একটা পাত্তা পাচ্ছে না বলেই বললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, ‘জন্মদিন সেরকম বিশেষভাবে পালন করি না। আমি আমার মতো ক্রিকেট নিয়েই আছি।’ জন্মদিনের এই উপলক্ষ পেছনে ফেলেও যে উদ্দেশ্যে এই ছোটা; সে দিকে অবশ্য সাকিব বেশ এগিয়ে গেছেন। বেশ জোর দিয়েই বলছেন, ফিট হয়ে গেছেন তিনি, ‘আমি এখন ফিট। দুইদিন ধরে রানিং করছি। ভালোই লাগছে’। সাকিবের ইনজুরি পুরানো। ইনজুরি নিয়েই বিপিএল খেলেছেন। পরে সেটি বড় আকার ধারণ করায় অস্ট্রেলিয়ার ডাক্তার ডেভিড ইয়ংয়ের শরণাপন্ন হয়েছিলেন তিনি। অবশেষে তার প্রেসক্রিপশনে সাকিব ফিট হওয়ার চেষ্টা করছেন। তবে তিনি দাবি করেছেন, ‘ক্রিকেটীয় ফিট বলতে যা বলা হয়ে থাকে, সেরকম ফিট হতে এখনো কিছু সময় লাগবে’। বাংলাদেশ দলে ইনজুরির সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। সাকিব অবশ্য এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন। বরং এতে উপকারিতাও খুঁজে পাচ্ছেন তিনি, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ মিলে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হয়। এত ম্যাচ খেললে ইনজুরিতে পড়তেই পারে। এতে করে ব্যাক আপ খেলোয়াড়দেরও নিজেদের প্রমাণের সুযোগ থাকে’। শ্রীলংকা সফরের প্রথম ওয়ানডে ম্যাচে তামিমের সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশ দল ৮ উইকেটে হেরেছে। এই পরাজয়কেও তিনি ইতিবাচক হিসেবে দেখছেন, ‘ব্যাটসম্যানরা ভালো করেছে। বোলাররাও খারাপ বোলিং করেনি। আমি মনে করি বাংলাদেশ ভালো পারফর্মেন্স করেছে’।