শ্রীলঙ্কান বোর্ডের ক্ষমা প্রার্থনা

ফ্লাড লাইটের কারণে টুকটাক খেলা বন্ধের ঘটনা সারা পৃথিবীতেই ঘটে থাকে। কিন্তু রেকর্ড বলছে, শ্রীলঙ্কায় এই প্রথম এমন ঘটনা ঘটল। তাও আবার ফ্লাড লাইট বন্ধ থাকার কারণে টানা ৮৫ মিনিট খেলা বন্ধ থাকারও রেকর্ড হয়ে গেল। সেজন্য ‘কার্টেল ওভার’-এর ম্যাচ খেলতে হল বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। পুরো এই বিব্রতকর ঘটনার জন্য ম্যাচের রাতেই সাধারণ দর্শক, খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি। তাদের বিবৃতিতে বলা হয়, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্ব জুড়ে দর্শকদের ও সাধারণ মানুষের এই বিরক্তি তৈরি হওয়ায় এসএলসি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সঙ্গে আমরা উল্লেখ করতে চাই, ম্যাচের আগেরদিনও ফ্লাড লাইট ও জেনারেটর টেস্ট করা হয়েছে। সেখানে কোনো ত্রুটি হয়নি।’ ঘটনার বর্ণনায় বলা হচ্ছে, এই ভেন্যুর চারটি ফ্লাড লাইট টাওয়ারের দুটি করে চলে একটি করে জেনারেটরে। এর প্রত্যেকটি জেনারেটরের আবার একটি সমান ক্ষমতার ব্যাকআপ আছে। কিন্তু প্রথম দফায় কাল মূল জেনারেটর অকার্যকর হওয়ার পর ব্যাকআপও অকার্যকর হয়ে পড়ে।