জয়ের সন্ধানে স্কলারি
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২১:০৯
লুইজ ফিলিপ স্কলারি স্ট্যামফোর্ড ব্রিজে ফিরছেন আবার। যেখানে তিনি চেলসির কোচ হয়ে প্রায় সাত মাস দায়িত্ব পালন করেছিলেন। আজ সোমবার ইংল্যান্ডের এই মাঠটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে রাশিয়ার। ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর দুই ম্যাচে স্কলারি জয়ের দেখা পাননি। ফলে আজ তৃতীয় দফায় নিশ্চয় কাঙ্ক্ষিত জয়ের আশা নিয়ে তিনি যাবেন স্টামফোর্ড ব্রিজে।
স্কলারি লন্ডনের এই ক্লাবে ২০০৮ সালের জুলাই থেকে ফেব্রুয়ারি ২০০৯ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তার অধীনে চেলসি ভাল করছিল না সে সময়। চেলসির মালিক রাশিয়ার ধনকুবের রোমান আব্রাহিমোভিচ চাকরিচ্যুত করেন স্কলারিকে।
এদিকে ব্রাজিলের দলটিতে চেলসি ত্রয়ী ডেভিড লুইজ, রামিরেজ এবং অস্কার রয়েছেন। ৬৭ বছর পর এই মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আব্রাহিমোভিচ নিশ্চয় ক্লাবের খেলোয়াড়দের নয়; বরং সমর্থন দেবেন স্বদেশি রাশিয়ান খেলোয়াড়দের।
গত সপ্তাহে স্কলারি বলেছিলেন ফলাফলের চেয়ে নৈপূণ্যই বেশি গুরুত্বপূর্ণ; কিন্তু জয় পেলে তিনি খুশি হতে পারেন। বর্তমানে ৬৪ বছর বয়স্ক এই কোচের অধীনে ব্রাজিল ২০০২ সালে বিশ্বকাপ জয় করেছিলো। গত নভেম্বরে তিনি আবারো ব্রাজিল দলের দায়িত্ব বুঝে পান। আগামী বছর বিশ্বকাপ ব্রাজিলেই। ফলে স্কলারির কাঁধে গুরু দায়িত্ব আবারো শিরোপা অর্জন করানো দলটিকে।
ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর স্কলারির জয়ের সন্ধানে রয়েছেন। ছয় সপ্তাহ আগে লন্ডনে স্কলারির অধীনে প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। সে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় স্কলারির দল। গত বৃহস্পতিবার জেনেভায় ব্রাজিল ও ইতালির প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। অথচ এই ম্যাচে প্রথমার্ধ শেষে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে ছিল।
চলতি বছরের ১৫ জুন ব্রাসিলিয়ায় জাপানের সাথে ম্যাচ দিয়ে ব্রাজিলের কনফেডারেশন কাপের যাত্রা শুরু হবে। স্কলারি তাই যতটা সম্ভব খেলোয়াড় যাচাই-বাছাইয়ের কাজটা সেরে ফেলতে চাইবেন। এমন একটা দল তিনি তৈরি করতে চাইবেন যে দলটা টুর্নামেন্ট জয় করতে পারে।
এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে সাবেক ব্রাজিলের কোচ মানো মেনেজেসের চেয়ে শারীরিক অগ্রগামিতাকে গুরুত্ব দিচ্ছে স্কলারি। মেনেজেস খেলা শুরু করাতেন ফলস নাম্বার নাইন নিয়ে; যেমনটি বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন করে থাকে; কিন্তু স্কলারি ফ্রেডকে এই পজিশনে নিয়ে আসেন। ফ্রেড স্কলারির অধীনে থাকা দুইটি ম্যাচেই গোল করেছেন।
আরো একটি বড় প্রশ্ন রয়েছে রোনালদিনহো ও কাকার খেলার জায়গা নিয়ে। ইংল্যান্ডে প্রীতি ম্যাচে ফিরেছিলেন রোনালদিনহো। কাকা ইতালির ম্যাচে ২০ মিনিট খেলেছেন; কিন্তু দুইজনই ব্যর্থ হয়েছেন নিজেদের প্রমাণ করতে।
অস্কার যেন তরুণ কাকা হিসেবে আবির্ভূত হয়েছেন। নিজের মাঠে তিনি প্রমাণের অপেক্ষায়।
মেনেজেসের অধীনে দুইটিসহ চারটি ম্যাচে ব্রাজিল জয়শূন্য। এমন পরিস্থিতিতে তারা রাশিয়ার মোকাবেলা করতে যাচ্ছে। রাশিয়া বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে (এফ গ্রুপ) চারটি ম্যাচেই জয় পেয়েছেন। আগামী বছরের বিশ্বকাপের পথে ছুটে চলেছে তারা দুর্দান্তভাবেই।
তবে রাশিয়ানরা হতাশ হয়ে ইংল্যান্ডে আসছে। কারণ বেলফাস্টে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাই ম্যাচটি গত শুক্রবার স্থগিত হয়ে যায় প্রচণ্ড তুষারপাতে।
রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপোলোর দলে নতুন মুখ দেখা যেতে পারে। তিনি সুযোগ দিতে পারেন অভিষেক হয়নি এমন খেলোয়াড়দের। ক্যাপেলোর অধীনে রাশিয়া প্রীতি ম্যাচসহ সাত ম্যাচে অপরাজেয়। এদিকে সোমবার ১৯৪৬ সালের মের পর এই প্রথম স্টামফোর্ড ব্রিজে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। সর্বশেষ ম্যাচটি ছিল ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের।