বয়স্ক ভাতা পাননি ৮২ বছরের বুলি বেওয়া
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২১:১৪
বুলি বেওয়ার বর্তমান বয়স বিরাশি বছর। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার গ্রামে তার বাড়ি। কিন্তু তার ভাগ্যে এখনো বয়স্ক ভাতা জোটেনি। এমনকি ভিজিডি-ভিজিএফ কার্ডও পাননি। ফলে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন।
বুলি বেওয়ার সাথে কথা বলে জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামে তার পনের শতক বসতভিটা ও দুইবিঘা কৃষি জমি ছিল। তিস্তা নদীর ভাঙ্গনে বসতবাড়িসহ জমি বিলীন হয়ে যায়। ২০০৪ সালে তিনি কালিরখামার গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধে খড় দিয়ে ছাপড়া (এক চালা খড়ের ঘর) তুলে বসবাস শুরু করেন। ওই বছরই তার স্বামী ভুন্দু শেখ মারা যান। বুলি বেওয়ার তিন ছেলে। তারা সিলেটে দিনমজুরি করে। আর তিনি ভিক্ষাবৃত্তি করেন।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান জানান, আমি দায়িত্ব নেয়ার পর বয়স্ক ভাতা ও বিধবা ভাতার বরাদ্দ আসেনি। তাই ওই বৃদ্ধাকে বয়স্ক ভাতা দেয়া সম্ভব হয়নি।