হাতীবান্ধায় স্কুল
ছাত্রী অপহূত
লালমনিরহাট প্রতিনিধি ও আদিতমারী সংবাদদাতা
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২১:১৬
লালমনিরহাটের হাতীবান্ধায় যুবলীগ নেতার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করা হয়েছে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে। এ ঘটনায় শনিবার হাতীবান্ধা থানায় মামলা হয়েছে। এদিকে মামলার খবর শুনে ওই নেতার লোকজন অপহূত ছাত্রীর পরিবারকে নানা ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সিন্দুর্ণা গ্রামের হতদরিদ্র পরিবারের সুন্দরী কন্যাকে (১৪) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন দু’সন্তানের জনক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সেলিম (৩২)। ঘটনার দিন গত শুক্রবার সকালে পার্শ্ববর্তী দাদার বাড়ি যাচ্ছিল মেয়েটি। এ সুযোগে কলেজ গেট এলাকা থেকে মেয়েটিকে জোর করে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় সেলিম ও তার সহযোগীরা।
এদিকে শনিবার মামলা দায়েরের পর সেলিমের লোকজন নানা ভাবে হুমকি-ধামকি দিচ্ছে অপহূত মেয়েটির পরিবারকে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাপস সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পাশাপাশি মেয়েটিকে উদ্ধারসহ আসামিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।