গাংনীতে গভীর নলকূপ নিয়ে সংঘর্ষের আশংকা

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া মাঠে সেচ প্রকল্পের গভীর নলকূপ স্থাপন নিয়ে দু’গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। হোগলবাড়িয়া গ্রামের ইনামূল হক জানান, ওই মাঠে ১৮টি অগভীর নলকূপ রয়েছে যা দিয়ে এলাকাবাসী ফসলে সেচ প্রদান করেন। হঠাত্ করে আবারো ওই মাঠে জনৈক আহসান উল্লাহ মোহন নামের এক প্রভাবশালীকে একটি গভীর নলকূপ স্থাপনের অনুমোদন দেন উপজেলা সেচ প্রকল্প কমিটি। নিয়মানুযায়ী একটি নলকূপ থেকে অন্য নলকূপের দূরত্ব অন্তত ১৮০০ মিটার হতে হবে ও উপকারভোগী কৃষকদের নামের তালিকা প্রণয়ন করে তা সেচ কমিটির কাছে দাখিল করতে হবে। অথচ সার্ভেয়ার নজরুল ইসলাম তা না করে প্রভাবশালী আহসান উল্লাহ মোহনের নামে গভীর নলকূপ বরাদ্দের জন্য সুপারিশ করেন। সার্ভেয়ার গাংনী বিএডিসির উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, অনিয়মতান্ত্রিকভাবে কিছুই করা হয়নি। সার্ভে করে উপজেলা সেচ কমিটির নিকট পাঠানো হলে কমিটি এটিকে অনুমোদন দেন। গাংনী উপজেলা সেচ প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম জানান, সার্ভেয়ারের সুপারিশ অনুযায়ী গভীর নলকূপ স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। তবে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে সার্ভেয়ার অনৈতিকভাবে সুপারিশ করেছেন।