রেসিপি
বাহারি খাবার
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ১৮:৪৯
কড়চা রেসিপি বিভাগে আমরা বরাবরই চেষ্টা করেছি আপনাদের রসুইঘরের আয়োজনে নতুন কিছু সংযোজন করতে। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহ থেকে শুরু হলো নানান দেশের রেসিপি নিয়ে এক ভিন্ন আয়োজন। এ সপ্তাহে থাকছে ৪টি ভিন্ন স্বাদের রেসিপি। রেসিপিগুলো তৈরি প্রক্রিয়া একটু জটিল হলেও স্বাদে আপনাকে নিয়ে যাবে অন্য জগতে। এই রেসিপিগুলো দিয়েছেন
রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা ও ছবি তুলেছেন এমএইচ মিশু
খা ফ সা
উপকরণ :মুরগি ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি ১/২ কাপ, টমেটো ক্যান ১ ক্যান, কাঁচা মরিচ পেস্ট ১ টেবিল চামচ, চিকেন স্টক ১ কিউব, পুদিনা পেস্ট ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, ধনে গুঁড়া ১/২ চা চামচ, রসুন কুচি ২টি, আদা কুচি ২ টেবিল চামচ, এলাচ ৩-৪টি, দারুচিনি ২-৩টি, শাহি জিরা ১ চা চামচ, কারি পাউডার ১/২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ, শুকনো লেবু ২টি, সয়াবিন তেল ১/৪ কাপ, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি :মুরগি ৪ টুকরো বা ৮ টুকরো করুন। প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন ও আদা লাল করে ভাজতে হবে। তেজপাতা, গরম মসলা ও শাহজিরা দিয়ে ২ মিনিট ভেজে ধনেগুঁড়া, কারি পাউডার, ক্যান টমেটো, পুদিনা পেস্ট, লাল মরিচ গুঁড়া, টমেটো কুচি, লবণ দিয়ে ভুনতে হবে। তেল উঠে এলে মুরগির টুকরাগুলো দিয়ে কষাতে হবে। কষানো হলে পানি ও চিকেন স্টকের কিউব দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে ভুনা মসলা থেকে মাংস উঠিয়ে ফেলুন। বাসমতি চাল রান্নার আগে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। মসলার মধ্যে ৯০০ গ্রাম গরম পানি দিয়ে চাল বসিয়ে দিন। পোলাউয়ের মতো রান্না করুন। প্যানে ঘি দিয়ে মাংসগুলোকে একটু ভেজে পোলাউয়ের উপর দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।
অ্যা রা বি য়া ন পা স্তা
উপকরণ :সিদ্ধ পাস্তা ৫০০ গ্রাম, একটি মুরগির চার ভাগের এক ভাগ বুকের মাংস কুচি, পেঁয়াজ ১/২ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ১/৪ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ।
সস্ :গুঁড়া দুধ ১/২ কাপ, পানি ৫ কাপ, ক্রিম ৩ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, চিনি ১ চা চামচ, ময়দা ৩ টেবিল চামচ, পনির বা মোজারেলা চিজ ১/২ কাপ, লবণ পরিমাণমতো, ঘি ১/৪ চা চামচ।
প্রণালি :প্যানে তেল পেঁয়াজ ও রসুন দিয়ে নরম করে ভেজে নিন। এর ভেতরে মাংস দিয়ে নেড়ে ১ কাপ পানির সাথে দুধ মিশিয়ে দিয়ে দিন। এবার বাকি মসলা দিয়ে ২০ মিনিট রান্না করুন। একটি বাটিতে ময়দা, গুঁড়া দুধ ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সসপ্যানে মিশানো দুধ, ময়দা নেড়ে নেড়ে ঘন হয়ে আসলে বাকি জিনিসগুলো দিয়ে নামিয়ে ফেলুন। ওভেন প্রুফ বাটিতে প্রথমে তেল দিয়ে নিন। এবার সিদ্ধ পাস্তার ভিতর হোয়াইট সস অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিন। সস্ দিয়ে মিশানো অর্ধেক পাস্তা ওভেন প্রুফ বাটিতে বিছিয়ে এর উপর রান্না মাংস কুচি বিছিয়ে দিন। তারউপর আবার বাকি সস্গুলো ও পাস্তা ঢেলে দিন। এবার গোল মরিচ ছিটিয়ে ওভেনে দিয়ে ৪০ মিনিট বেক করুন।
দ ই সা লা দ
উপকরণ :কুচি শসা ২টি, কুচি টমেটো ২টি, কুচি পুদিনা ১ টেবিল চামচ, কুচি কাঁচা মরিচ ২ টেবিল চামচ, কুচি পেঁয়াজ ১ টেবিল চামচ, টকদই ১ কাপ, লবণ পরিমাণমতো, চাটমসলা ১/৪ চা চামচ।
প্রণালি :শসা, টমেটো, পুদিনা পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ সবকিছু কুচি করে ঘন টকদই, লবণ ও চাটমসলা দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।
বা স বো সা
উপকরণ :সুজি ৩ কাপ, চিনি দেড় কাপ, ঘি ১/৪ কাপ, ইস্ট দেড় চা চামচ, গোলাপ জল দেড় চা চামচ, হালকা গরম পানি ২ কাপ, ক্রিম ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১/২ কাপ।
সিরাপের জন্য :পানি ১ কাপ, চিনি ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলাপ জল দেড় চা চামচ।
প্রণালি :সুজির সাথে উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে ফেটিয়ে নিন ভালো করে। ওভেন প্রুফ বাটিতে ঢেলে ৩০ মিনিট রেখে দিন। এবার ওভেন ১০ মিনিট ফ্রি হিট করে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন। এরপর ছুরি দিয়ে বরফির আকারে কাটুন। পানি, চিনি, লেবুর রস ও গোলাপ জল একসাথে জ্বাল দিয়ে সিরাপ তৈরি করুন। সিরাপ খুব বেশি ঘন হবে না। সিরাপ সুজির কেকের উপর ঢেলে দিন এবং ১ ঘণ্টা রেখে দিয়ে এরপর পরিবেশন করুন।