বিবিসি’র টুইটার অ্যাকাউন্টে সাইবার হামলা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ১৯:৩২
হ্যাকারদের দৌরাত্ম যে ক্রমেই বাড়ছে, তা বলাই বাহুল্য। চলতি বছরের শুরু থেকেই সাইবার অপরাধীরা নিজেদের সক্রিয়তা প্রমাণ করতেই সাইবার আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছে প্রযুক্তি বিশ্বকে। অ্যাপল, টুইটার, ফেসবুক, মাইক্রোসফটের মতো বড় বড় সব প্রতিষ্ঠান ইতোমধ্যেই এসব আক্রমণের শিকার হয়েছে। এবারে সাইবার অপরাধীদের হামলার শিকার হয়েছে বিবিসি’র কয়েকটি টুইটার অ্যাকাউন্ট। সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামক একটি হ্যাকারদল এসব হামলার সাথে জড়িত বলে জানিয়েছে। তাদের আক্রমণ করা বিভিন্ন বিবিসি টুইটার অ্যাকাউন্টের মধ্যে রয়েছে বিবিসি’র ওয়েদার অ্যাকাউন্ট, বিবিসি’র আরবী ভাষার অ্যাকাউন্ট এবং রেডিও উলস্টারের ফিড। টুইটার অ্যাকাউন্টগুলোতে আক্রমণের খবর প্রথম জানা টুইটার ওয়েদার অ্যাকাউন্ট থেকে ভুল কিছু আবহাওয়া বার্তা প্রচারের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আবহাওয়া নিয়ে ভুল তথ্য প্রচার করা হয় এ সময়। এই আক্রমণ লক্ষ করার পরপরই অবশ্য বিবিসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ পুনরায় নিয়ে নেয় তারা। এসব অ্যাকাউন্ট থেকে যে ভুল তথ্যগুলো প্রচার করা হয়েছিল, সেগুলোও সরিয়ে নেয় তারা। এসব সাইবার আক্রমণের ফলে বিবিসি’র অনুসারীদের যে সাময়িক সমস্যা হয়, তার জন্য দুঃখও প্রকাশ করে বিবিসি। এ সম্পর্কে বিবিসি’র এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘বিবিসি’র নামে হ্যাকাররা যে ধরনের তথ্য প্রচার করেছে, তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে আমরা দ্রুতই আমাদের অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়ে এসেছি।’ টুইটারের এই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সময়েই অবশ্য বিবিসি কর্মীদের কাছে ফিশিং ইমেইলও আসে। এই ইমেইল খুললেই একটি লিংক আসে, যেটা কি না পাসওয়ার্ড প্রদর্শন করে। অ্যাকাউন্টগুলো হ্যাক করে হ্যাকাররা নিজেদের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের অনুসারী বলে দাবী করে এবং তার সমর্থনে কিছু ছবিও প্রচার করে। এসব আক্রমণে বিবিসি বিব্রত হলেও এসব আক্রমণ সামগ্রিকভাবে প্রযুক্তি বিশ্বের জন্য ইতিবাচক কোনো ঘটনা নয় বলেই জানিয়েছে তারা। এসব আক্রমণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলেও জানায় তারা।