শিশু সাহিত্যিকরা শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২১:৩৬
শিশু একাডেমী সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘শিশুসাহিত্য রচনা কোনো সাধারণ বিষয় নয়, সাহিত্যিককে শিশুদের মনোজগতে প্রবেশ করতে হয়। শিশুসাহিত্যিকরা সুপাঠ্য রচনার মধ্যদিয়ে শিশুদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রবিবার জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত ১০ দিনব্যাপী বই মেলার ৮ম দিনে মেলার শহীদ মতিউর মঞ্চে বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার অর্জনকারী লেখকদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পুরস্কারপ্রাপ্ত লেখকরা পান, একটি করে ক্রেস্ট, সনদ ও পঞ্চাশ হাজার টাকার চেক। বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার ১৪১৫, ১৪১৬ ও ১৪১৭ বঙ্গাব্দ অর্জন করেছেন যথাক্রমে শাহ্জাহান কিবরিয়া, শাহরিয়ার কবির ও আলী ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হায়াত্ মামুদ এবং সাবেক যুগ্মসচিব ও লেখক নীলুফার বেগম। হায়াত্ মামুদ বলেন, ‘একটা দায়বদ্ধতা থেকে শিশুসাহিত্যিকেরা শিশুদের জন্য লেখেন। বড়দের জন্য তো অনেক লেখক আছেন। আগে বড়মাপের লেখকরাই শিশুসাহিত্য রচনা করতেন। এখন সেই প্রবণতা লক্ষ্য করা যায় না’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মো. নূরুজ্জামান এবং সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ।