চকবাজারে দোকানে অগ্নিকাণ্ড দুই ফায়ার কর্মী আহত

রাজধানীর চকবাজার থানার ছোট কাটরা বেড়িবাঁধ এলাকায় অগ্নিকাণ্ডে একটি এলপি গ্যাস সিলিন্ডারের দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে লালবাগ জোনের ফায়ার লিডার জাহাঙ্গীর আলম ও ফায়ারম্যান শহীদ আলম নামে দু’জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। জাহাঙ্গীর আলমের শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অগ্নিদগ্ধ শহীদ আলম মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাধীন। লালবাগ জোনের ফায়ার স্টেশনের ডিউটি অফিসার ইমরুল হাসান জানান, সোমবার বেলা পৌনে ২টায় একটি ভবনের দ্বিতীয় তলার একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর সময় বিকট একটি আওয়াজ হলে আগুনের স্ফুলিঙ্গ জাহাঙ্গীর আলমের মুখ ও দুই হাত ঝলসে দেয়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। লালবাগ জোনের স্টেশন অফিসার নাসরিন সুলতানা জানান, দোকানটি একটি এলপি গ্যাসের গোডাউন ছিল। এলপি গ্যাস লিক হওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। বিকাল তিনটায় আগুন নির্বাপণ করা হয়েছে।