ডিসিসি নির্বাচনের চূড়ান্ত রুল শুনানির উদ্যোগ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২১:৪৬
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন প্রশ্নে জারিকৃত রুল শুনানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। এ-সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানির জন্য আবেদনটি হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চে সোমবার এ আবেদন জানান এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম।
২০১২ সালের ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী ওই বছরের ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। আবেদনের শুনানি শেষে ওই বছরের ১৬ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করে আদালত। পরবর্তীকালে এই স্থগিতাদেশের মেয়াদ কয়েকদফা বাড়ানো হয়।