নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের এসএসসি ফলাফল প্রার্থী আল মুনতাসির সাত্ত্বিক (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। রবিবার রাতে থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছে তার পরিবার।
নিখোঁজ ওই ছাত্র বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ শরীফ উদ্দীন আহম্মেদের ছেলে। তার বাড়ি উপজেলার সোনাপাতিল মহল্লায়।
অধ্যক্ষ শরীফ উদ্দীন আহম্মেদ জানান, তার ছেলে রবিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়ি না ফিরলে প্রতিবেশীসহ বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তিনি জানান, ছেলে সাত্ত্বিক চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তবে ফল প্রকাশের আগের দিন সে নিখোঁজ হয়। তিনি আরও জানান, সাত্ত্বিক খুবই ধার্মিক ছিল। বাড়ি থেকে তেমন বাইরে বের হতো না। বাড়িতে বসে বেশির ভাগ সময় কোরআন-হাদীস পড়তো।
আরও পড়ুন: ১২তম স্প্যানে দৃশ্যমান ১৮০০ মিটার পদ্মা সেতু
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, অভিযোগ পাওয়ার পর সকল থানায় বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার কসবে মালঞ্চি মসজিদের সাবেক ইমাম আনোয়ার হোসেনকে রবিবার রাতে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। আনোয়ার হোসেন সাত্ত্বিককে কোরআন শিক্ষা দিতেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/অনি