মহাখালীতে রাতের আঁধারে সিএনজি স্টেশনের জায়গা দখল

রাতের আঁধারে রাজধানীর মহাখালীতে একটি সিএনজি ফিলিং স্টেশনের জমি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। ঐ সিএনজি স্টেশনের পাশে ১৫ ফুট দৈর্ঘ্যের ৩ ফুট উচ্চতার একটি পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে মহাখালীর ঈশা গার্ডেন সিএনজি ফিলিং স্টেশনের কোষাধ্যক্ষ বিন মোহাম্মদ কাওসার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি জিডি করেছেন। ফিলিং স্টেশন থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রলীগ বনানী থানা শাখার সভাপতি আনিসুজ্জামানের নেতৃত্বে ১০/১৫ জন ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী ফিলিং স্টেশনের সামনে দেয়াল নির্মাণ করেছে। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামান বলেন, দেয়াল নির্মাণের সময় পুলিশকে জানানো হয়নি। অবৈধভাবে দেয়াল নির্মাণের ব্যাপারে সিএনজি স্টেশনের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। তবে দেয়াল নির্মাণ করা হয়েছে সিএনজি স্টেশনের পাশে। দেয়াল নির্মাণ করা ঐ জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক হবে। এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর দেয়াল উচ্ছেদ করা হবে। মহাখালী বাস টার্মিনালের সামনে ৫৩/১, শহীদ তাজ উদ্দিন সরণীর ঈশা গার্ডেন ফিলিং স্টেশনটি ২০০৪ সালে সড়ক ও জনপদ বিভাগের জমি লিজ নিয়ে চালু করা হয়। কয়েকদিন আগে বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান তার প্রাইভেট কারের জ্বালানি সিএনজি ঈশা গার্ডেন ফিলিং স্টেশন থেকে নিলেও তিনি বিল পরিশোধ করেন না। এ নিয়ে সিএনজি স্টেশনের কোষাধ্যক্ষ বিন মোহাম্মদ কাওসারের সঙ্গে কয়েক দফা কথা কাটাকাটি হয়। রবিবার রাতে ৩৯৪ টাকার সিএনজি নিয়ে আনিসুর রহমান বিল পরিশোধ করেননি। বিল চাইলে চলে যাওয়ার সময় কাওসারকে হুমকি দিয়ে যান। সোমবার রাতে সেখানে ছাত্রলীগ বনানী থানা শাখার সভাপতির উপস্থিতিতে ৩ ফুট উচ্চতার দেয়াল নির্মাণ করা হয়। আনিসুর রহমান জানান, দেয়াল নির্মাণ করা জায়গাটি সিএনজি স্টেশনের নয়। জায়গাটি সড়ক ও জনপদ বিভাগের। ঐ স্থানে বনানী থানা ছাত্রলীগের অস্থায়ী অফিস নির্মাণ করা হবে।