এক্সেল শিট থেকে ভিডিও গেম
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ১৭:৪৮
স্প্রেডশিট সফটওয়্যার হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি নাম মাইক্রোসফট এক্সেল। হিসাবের কাজে এর ব্যবহার বিশ্বব্যাপী। তবে এবারে এক্সেলের স্প্রেডশিট ব্যবহার করেই ভিডিও গেম তৈরি করেছেন কানাডার একজন অ্যাকাউন্ট্যান্ট। তার এই গেমের নাম দিয়েছেন ‘অ্যারেনা.এক্সএলএসএম’। একদম বেসিক ধরনের এই ভিডিও গেমটিতে গেমারকে যুদ্ধ করতে হবে এক দৈত্যের সাথে এবং নিজের জীবনীশক্তিকে শক্তিশালী করতে সংগ্রহ করতে হবে পয়েন্ট। প্রতিবার এই গেম খেলার সময়েই এর অ্যারেনাটি বদলে যায়, ফলে প্রতিবারই নতুন নতুন রূপে গেমটি খেলা যাবে। এক্সেলের ‘ম্যাক্রো প্রোগ্রাম’ এবং ‘শর্টকাট কি’ ব্যবহার করেই গেমটি তৈরি করেছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ক্যারি ওয়ালকিন। ক্যারি ওয়ালকিন জানিয়েছেন, প্রায় চার মাস সময় ধরে তিনি এই গেমটি তৈরি করেছেন। এক্সেল ২০০৭, ২০১০ এবং ২০১৩তে খেলা যাবে এই গেম।