ডুমুরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

অবশেষে র‌্যাব-৬ সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তার নাম ইব্রাহিম সরদার (৩৫)। সে সাতক্ষীরা জেলার মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত সাজ্জাত সরদারের ছেলে। ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে ডুমুরিয়া থানা থেকে নিহতের পরিবার মরদেহ দাফনের জন্য নিজ বাড়ি সাতক্ষীরায় নিয়ে গেছে।

সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজারের শান্তিনগর নামক স্থানে জনৈক গাজী কামরুলের বাড়িতে ডাকাতি করার সময় র‌্যাব-৬ এর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়। এ ব্যাপারে খুলনা র‌্যাব-৬ ডিএডি নুরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে ডুমুরিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

ডুমুরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ‘রবিবার নিহতের স্ত্রী বিলকিস বেগম ও বোন ময়না খাতুন  লাশ নেওয়ার জন্য থানায় আসেন। তাদের শনাক্ত মতে বিকালে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়।’

আরও পড়ুন: এসএসসি ফলাফল জানতে পারলো না কচুয়ার মিম

পরিবারের সদস্যরা জানিয়েছে, ‘নিহত ইব্রাহিম সরদার ধান কাটার শ্রমিক হিসাবে ২/৩ দিন আগে বাড়ি থেকে বের হয়েছিল।’

ইত্তেফাক/নূহু