বিশ্বকাপ-২০১৪ বাছাই

‘উচ্চতা’ রুখলো মেসিদের

‘ভয়াবহ’—বলিভিয়ার বিপক্ষে মঙ্গলবার লাপাজে ১-১ গোলে ড্র করার পর মেসির এ একটি কথাতেই প্রমাণ হয়ে যায় ম্যাচের অবস্থা। উচ্চতা নিয়ে মেসির দুশ্চিন্তা ছিল ম্যাচের আগেই। সমুদ্র পৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উঁচুতে খেলা তো আর চাট্টিখানি কথা নয়! আর তাই শেষ পর্যন্ত আর্জেন্টিনার অধিনায়কের কথাই সত্যি হল। যদিও এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো আর্জেন্টিনা। ২৫ মিনিটে মধ্যমাঠ থেকে বল পেয়ে আর্জেন্টিনার রক্ষণদুর্গকে বোকা বানিয়ে দারুণ এক গোল করে দলকে ম্যাচে এগিয়ে দেন স্বাগতিক স্ট্রাইকার মার্সেলো মার্টিন মরিনো। এই লিড ধরে রাখার জন্য আরো সর্তক হয়ে উঠে বলিভিয়া। খেলার কৌশল পাল্টিয়ে কিছুটা ডিফেন্সিভ হয়ে পড়ে তারা। কিন্তু পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। আর তাতেই কোণঠাসা হয়ে পড়ে বলিভিয়া। ফলে ম্যাচের ৪৪ মিনিটেই গোলের আনন্দে ভাসে মেসির দল। রডরিগো পালাসিয়োর ক্রস থেকে হেডে গোল করে দলকে ম্যাচে ফেরেন মিডফিল্ডার ইভার বানেগা। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমভাগ। দ্বিতীয়ভাগেও আক্রমণের মধ্যেই লড়াই শুরু করে বলিভিয়া ও আর্জেন্টিনা। কারণ ম্যাচে লিড নেয়াই ছিল দু’দলের প্রধান লক্ষ্য। কিন্তু ভাগ্য কোনভাবেই কথা বলছিল না কোন পক্ষে। ৭০ মিনিটে ভালো একটি সুযোগও পেয়েছিল আর্জেন্টিনা। মেসি ও ডি মারিয়ার সমন্বয়ে গড়ে উঠা আক্রমণটি নস্যাত্ হয় বলিভিয়ার গোলরক্ষকের দৃঢ়তায়। এরপর ম্যাচের বাকী সময়েও গোলের জন্য মরিয়া হয়ে খেলে দু’দল। কিন্তু শেষপর্যন্ত আর কোন গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এই ড্রয়ে ১১ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো আর্জেন্টিনা। আর সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে থাকলো বলিভিয়া। দুঃসহ পরিস্থিতির মধ্যেও ড্র নিয়ে মাঠ ছাড়া অধিনায়ক মেসি দলের পারফরম্যান্সে নিজের সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এতো উপরে খেলা আমাদের জন্য সত্যি কষ্টকর ছিল। তাই ড্র নিয়ে ম্যাচ শেষ করতে পেরে আমরা খুশি। এটা আমার চোখে বেশ ভাল ফলাফল।’ ম্যাচে যে বেশ বড় রকম দুর্ভোগ পোহাতে হয়েছে আর্জেন্টিনাকে সেটার আভাস পাওয়া গেল মেসির কথায়, ‘যতোবারই আমরা উঁচু স্থানে ম্যাচ খেলি, ততোবারই আমাদের স্বাভাবিক হতে সময় লাগে। মাথা ব্যথা বা মাথা ঘোরানোর সমস্যা প্রায় অনেকের মধ্যেই দেখা গেছে।’